স্ত্রীর চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ করত অভিযুক্ত। সেই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটায় সে।

আক্রান্ত মহিলা
শেষ আপডেট: 6 November 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীর নাক কেটে দিলেন এক যুবক। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ঘটনা। বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ঝাবুয়া জেলার রানাপুর থানার অন্তর্গত পদালওয়া গ্রামের। ঝাবুয়া জেলার পুলিশ সুপার শিব দয়াল সিং এক সংবাদ সংস্থাকে জানান, গতকাল রানাপুর থানায় অভিযোগ দায়ের হয়, ২৩ বছরের এক মহিলাকে তাঁর স্বামী মারধর করেছে এবং নাক কেটে দেয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে মেডিকো-লিগ্যাল সার্টিফিকেট (এমএলসি) পাওয়ার পরেই এফআইআর দায়ের করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ করত অভিযুক্ত। সেই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটায় সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাকেশ বিলওয়াল কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে গুজরাতে গিয়েছিলেন কাজের খোঁজে। কিন্তু সেখানে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয় মূলত স্ত্রীর চরিত্র নিয়ে। এরপরই মঙ্গলবার তাঁরা ফিরে আসেন ঝাবুয়ার পদালওয়া গ্রামে।
আক্রান্ত মহিলা জানিয়েছেন, 'আমরা যখন গুজরাত থেকে ফিরছিলাম, ওঁকে বলেছিলাম তালাক দিয়ে দিক। তখন ও বলল, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে কথা বলবে। কিন্তু বাড়ি পৌঁছনোর পরই ও আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, তারপর ব্লেড দিয়ে আমার নাক কেটে দেয়। এরপর নিজেই হাসপাতালে নিয়ে যায়। আমার ছেলে তখন কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু তাও ও ছাড়েনি।”
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আহত মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে।