
ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 14 March 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলা। একটি লোহার রড দিয়ে হঠাৎই আক্রমণ চালান এক ব্যক্তি। ঘটনায় জখম পাঁচ জন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বর্ণমন্দিরের রান্নাঘর ‘গুরু রামদাস লঙ্গর’-এর কাছে এই হামলা হয়। বহু ভক্ত ও স্থানীয়রা সেসময় ওই চত্বরে উপস্থিত ছিলেন। জখমদের মধ্যে শিরোমণি গুরুদ্বারা পরিচালন কমিটির (SGPC) দুই স্বেচ্ছাসেবকও রয়েছেন। একজনকে গুরুতর জখম অবস্থায় শ্রী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও মন্দির চত্বরে থাকা মানুষজনই প্রথমে হামলাকারী ও তার এক সঙ্গীকে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হামলার আগে ঘটনাস্থল রেইকি করেছিলেন তাঁরা। ঠিক কী উদ্দেশে এই হামলা, তা এখনও জানা যায়নি।
এক পুলিশ আধিকারিক জানান, 'দ্বিতীয় অভিযুক্ত মূল হামলাকারীর সঙ্গে মন্দির চত্বর ঘুরে দেখেছিলেন, হামলার পরিকল্পনায় তাঁরও যোগ রয়েছে।'
ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় উপস্থিত পর্যটকদের মধ্যে। তাঁদের আশ্বস্ত করেন আধিকারিকরা। মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।