
উদ্ধার হওয়া গাঁজা - ফাইল ছবি
শেষ আপডেট: 12 November 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো: নিজের ফ্ল্যাটেই গাঁজার চাষ। পরে তা ডার্ক ওয়েবে বিক্রি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার করা হল একজনকে। ধৃতের নাম রাহুল চৌধুরী। বিগত চার মাস ধরে নিজের বাড়িতেই এই কর্মকাণ্ড করে চলেছিলেন তিনি।
সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে রাহুলের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স বিভাগের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। রাহুলের ঘরে ঢুকে তাঁরা সকলের কার্যত অবাক। অন্তত ৫০টি টবে গাঁজা চাষ করছিল সে! শুধু তাই নয়, এই চাষের জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে পুরোদমে সেটআপ তৈরি করেছিল রাহুল। এগুলিই সে পরে ডার্ক ওয়েবের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করত।
গাঁজা গাছগুলিকে ছাদে বা ব্যালকনিতে রোদে দেওয়া যাবে না। কেউ দেখে ফেললেই সব শেষ। তবে এই সমস্যা সমাধানে বুদ্ধি বের করেছিল রাহুল। নিজের ফ্ল্যাটের যে ঘরে সে গাঁজা চাষ করছিল সেখানে বিশেষ ধরনের লাইট লাগিয়েছিল। সেগুলি অনেকটা সূর্যের আলোর বিকল্প হিসেবে কাজ করে। গাছগুলি যাতে ঠিকঠাক বড় হয় সেই কারণেই এই পন্থা নিয়েছিল সে।
৫০টি টবে গাঁজা চাষ করার জন্য রাহুলের ঘরটি কার্যত নার্সারিতে পরিণত হয়েছিল। তবে অভিযান চালিয়ে সব গাছ বাজেয়াপ্ত করেছে নারকোটিক্স বিভাগ। সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার মোট মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। রাহুল আদতে মিরাটের বাসিন্দা। তবে নয়ডার পার্শ্বনাথ প্যানোরামা সোশ্যাইটিতে থাকত সে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সে কাকে কাকে গাঁজা বেচত, কোনও চক্রের সঙ্গে সে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।