
শেষ আপডেট: 16 October 2023 19:07
দ্য ওয়াল ব্যুরো: ধুন্ধুমার ঝামেলা বেঁধেছিল দু'পক্ষের মধ্যে। স্থানীয়দের মধ্যস্থতাতেও কাজ হচ্ছিল না। তাই শেষমেশ পুলিশ ডাকতে হয়। কিন্তু পুলিশ এসে ঝগড়া থামাতে যেতেই বিপত্তি বাঁধে। এক যুবক তেড়ে এসে এক পুলিশ কনস্টেবলকে খ্যাঁক করে কামড়ে দেন। এই ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
ঘটনাটি নভি মুম্বইয়ের। শনিবার রাত তখন ১১.৪০ হবে। পুলিশের কাছে খবর যায়, বশী এলাকার একটি মলের পিছনে তুমুল ঝামেলা বেঁধেছে। দু'দল লোক নিজের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। দেরি না করে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশের আধিকারিক এবং কনস্টেবলরা। কিন্তু তাঁরা ঝামেলা থামাতে যেতেই নতুন করে ঝামেলা শুরু হয়। কপিল যোগেন্দ্রসিং রানা নামে এক যুবক তেড়ে এসে এক পুলিশ কনস্টেবলের হাতে এবং মুখে কামড়ে দেন।
ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন ওই কনস্টেবল। তাঁর মুখে এবং হাতের আঙুলে চোট লেগেছে।
এই ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। বশী থানার সাব ইনস্পেক্টর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে বাধাদান সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
দিন দুয়েক আগেই বেঙ্গালুরুতে একই রকম একটি ঘটনা ঘটেছিল। সেখানে মধ্যরাতে মলে ঘুরে বেড়াচ্ছিলেন এক তরুণী। মলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। থানায় নিয়ে যাওয়া হয় ২৮ বছরের তরুণীকে। সেখানে পুলিশকে তিনি জানান, হরর ফিল্ম 'নান ২' দেখার পর মলে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের সময় সেখান থেকেও তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকী এক পুলিশকর্মী তাঁকে ধরে ফেললে তরুণী তাঁর হাতে কামড়ে দেন, জুতো ছুড়ে মারেন বলেও অভিযোগ ওঠে। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে।