
শেষ আপডেট: 18 December 2023 19:34
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে রাজ্যওয়াড়ি আসন সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগে তৃণমূল যে কংগ্রেসের উপর চাপ তৈরির কৌশল নিতে চলেছে তা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। হলও তাই। জোট বৈঠকের ২৪ ঘণ্টা আগে তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কংগ্রেসের তো মাত্র দুটো আসন রয়েছে।’
এদিন চাণক্যপুরীতে নতুন বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে প্রশ্ন করা হয়, লোকসভা ভোটে তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে জোট চাইছে? এ ব্যাপারে কংগ্রেস কি তাঁকে কোনও প্রস্তাব দিয়েছে?
জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে।” বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা বলতে তিনি কী বোঝাতে চাইছেন, তা নিয়ে তাঁকে ফের প্রশ্ন করা হয়। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যথাযথ দাবি জানালে আমি আলোচনায় প্রস্তুত। কিন্তু বাংলায় তো ওদের মাত্র দুটিই আসন রয়েছে।” তবে তৃণমূলনেত্রী এও জানিয়ে দেন, তিনি আলোচনার জন্য খোলা মন নিয়ে চলছেন।
বাংলায় সাম্প্রতিক একুশের বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। সাগরদিঘি ও ধূপগুড়ির উপ নির্বাচনেও বাম-কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল। কিন্তু লোকসভা ভোটে একই জোটে বাংলায় বাম-কংগ্রেস ও তৃণমূল যে একসঙ্গে থাকবে না বা থাকতে পারে না সেই দেওয়াল লিখন পরিষ্কার। এখন প্রশ্ন হল, সে ক্ষেত্রে কী হবে?
এ ব্যাপারে প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা ওদের পার্টির ব্যাপার। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।”