
শেষ আপডেট: 5 March 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন যখন দরজায় ঘণ্টি বাজাচ্ছে, তখন এক সমীক্ষায় দেখা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের অধিকাংশ মানুষ একনায়ক বা স্বৈরতান্ত্রিক শাসনের পক্ষে। জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের তুলনায় ঠিক তার পরেই সেনাশাসনের পক্ষে রয়েছেন দেশবাসী। মার্কিন থিঙ্কট্যাঙ্ক 'পিউ' ২৪টি দেশের সরকার ও গণতন্ত্র সম্পর্কে একটি সমীক্ষায় এই রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টে দেখা যাচ্ছে, ভারতের ৬৭ শতাংশ মানুষ একনায়কতন্ত্রের পক্ষে। ৭২ শতাংশ মানুষ বিশ্বাস করেন এদেশের জন্য সেনা বা সামরিক শাসনও ভালো। যদিও বিশ্বের অর্ধেকের বেশি মানুষের মতে, গণতন্ত্রই শ্রেয়।
'রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাসি রিমেইন্স আ পপুলার আইডিয়াল, বাট পিপল অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড আর ক্রিটিক্যাল অফ হাউ ইটজ ওয়ার্কিং' শীর্ষক ওই সমীক্ষায় সরকার পরিচালনার বিভিন্ন কাঠামো নিয়ে সাধারণ মানুষের মত জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে ছিল, জনপ্রতিনিধিমূলক গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, স্বৈরতন্ত্র, টেকনোক্র্যাসি এবং সামরিক শাসন।
এই সমীক্ষায় ৬৭ শতাংশ ভারতীয় একনায়কতন্ত্রের পক্ষে সায় দিয়েছেন। ২০১৭ সালে এই মতের পক্ষে ছিলেন ৫৫ শতাংশ ভারতীয়। ২৪টি দেশের মধ্যে ভারত এই মতের শীর্ষে রয়েছে। এর রয়েছে কেনিয়া (৫২ শতাংশ) এবং ইন্দোনেশিয়া (৫১ শতাংশ)। মতামতকারীদের বক্তব্য, একজন শক্তিশালী নেতাই পারেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে। যেখানে জনপ্রতিনিধিসভা কিংবা স্বাধীন বিচারবিভাগের হস্তক্ষেপ থাকতে পারে না। একনায়কই সেই ক্ষমতার অধিকারী হতে পারেন।
সামরিক শাসনের প্রতিও ভারতীয়দের যথেষ্ট আগ্রহ ধরা পড়েছে সমীক্ষায়। ভারতে সামরিক শাসনের পক্ষে সিলমোহর দিয়েছেন ৭২ শতাংশ। রিপোর্টে এও উল্লেখ রয়েছে যে, নিম্ন আয়ের মানুষের মধ্যেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী শাসকের প্রতি টান বেশি। যাঁকে চ্যালেঞ্জ জানানোর কোনও বিরোধী শক্তি থাকে না। একইসঙ্গে বলা হয়েছে, নিম্নশিক্ষার মানুষও এই দলে রয়েছেন। যদিও কোনও দেশের নাম উল্লেখ করেনি সমীক্ষা।
সমীক্ষায় এও রয়েছে, নির্বাচিত মহিলা সদস্যরা দেশের উন্নতিতে বেশি করতে পারেন। মহিলাদের উপর আস্থা রেখেছেন ৬৮ শতাংশ ভারতীয়। ব্রাজিল এবং নাইজেরিয়ার ৬২ শতাংশকে পিছনে রেখে মহিলা জনপ্রতিনিধিত্বের প্রতি আস্থাশীল অধিকাংশ ভারতীয় নাগরিক।