
শেষ আপডেট: 2 November 2023 11:02
দ্য ওয়াল ব্যুরো: ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় আজ বৃহস্পতিবারই সংসদের এথিক্স কমিটির কাছে হাজিরা দিতে চলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে শিল্পপতি দর্শন হিরানন্দানিকে লোকসভার ওয়েবসাইটের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। তারপরেই মহুয়ার বক্তব্য শোনার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং মহুয়ারই প্রাক্তন বন্ধু, জয় অনন্ত দেহাইদ্র অভিযোগ করেছিলেন, লোকসভার ওয়েবসাইটে মহুয়ার ক্রেডেনশিয়ালস ব্যবহার করে মহুয়ার হয়ে দর্শনই আদানিদের হয়ে প্রশ্ন করতেন। বদলে তাঁর কাছ থেকে টাকা, বিদেশ ভ্রমণের খরচ ইত্যাদি নিয়েছিলেন মহুয়া। নিশিকান্ত এই অভিযোগের পরেই বিষয়টি সংসদে এথিক্স কমিটির কাছে বিবেচনার জন্য পাঠান লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই মামলায় আগেই জয় এবং নিশিকান্তকে তলব করে তাঁদের অভিযোগ সামনে থেকে শুনেছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান। তারপর তিনি সেই একই মামলায় মহুয়াকেও তলব করেছেন।
এর আগে মহুয়াকে ৩১ অক্টোবর হাজিরা দিতে ডাকা হয়েছিল। কিন্তু মহুয়া জানিয়েছিলেন, তাঁর অন্য কাজ রয়েছে, ৪ তারিখের আগে তাঁর পক্ষে যাওয়া মুশকিল। যদিও তারপরেও তাঁকে ২ তারিখ হাজিরা দেওয়ার নির্দেশ দেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর। তারপরেই মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন মহুয়া।
তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার অভিযোগ মহুয়া অস্বীকার করেছেন। জানিয়েছেন, কোনও টাকা নেননি তিনি। তবে দর্শন তাঁর বন্ধু হওয়ার দুবাই থেকে তাকে কিছু প্রসাধনী সামগ্রী এনে দেওযার কথা বলেছিলেন মহুয়া। সেই সঙ্গে দর্শনকে যে তিনি লোকসভার ওয়েবসাইটের লগইন আইডি, পাসওয়ার্ড দিয়েছিলেন, সেকথাও স্বীকার করে নিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।
মহুয়ার বিষয়ে এই অভিযোগ ওঠার পরেই এথিক্স কমিটির তরফে স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় ৩টি মন্ত্রকের কাছ থেকে এথিক্স কমিটির প্রাপ্ত রিপোর্ট ও অন্য তথ্যপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার মহুয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সেখানে হাজিরা দেওয়ার কথা রয়েছে মহুয়ার।
বুধবার যদিও মহুয়া নিজেই এই ঘটনায় এথিক্স কমিটির তদন্তের এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিটির চেয়ারম্যান বিনোদ কুমার সোনকরকে এই প্রসঙ্গে চিঠি লিখে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে তদন্ত করতে পারে শুধু কোনও তদন্তকারী এজেন্সি। সংসদের কমিটিকে এই এক্তিয়ার দেননি সংবিধান প্রণেতারা। কমিটিতে একটি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার সম্ভাবনার কথা বিবেচনায় রেখেই সম্ভবত এই পদক্ষেপ করা হয়েছিল।
এছাড়া চিঠিতে মহুয়া আরও দাবি করেছেন, অভিযোগকারী দর্শন হীরানন্দানিকে তিনিও জেরা করতে চান। কমিটি যদিও এখনও সে ব্যাপারে উচ্চবাচ্য করেনি।