
শেষ আপডেট: 5 November 2023 18:07
দ্য ওয়াল ব্যুরো: 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' কাণ্ডে গত ২ তারিখ অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য শোনার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল সাংসদের এথিক্স কমিটি। কিন্তু বিজেপির সঙ্গে মহুয়া তথা বাকি দলগুলির প্রবল তর্কাতর্কির মাঝে ভেস্তে যায় বৈঠক। রাগে গরগর করতে করতে সাংসদের অ্যানেক্স ভবন থেকে বেরিয়ে এসে মহুয়া কার্যত কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরের বিরুদ্ধে 'বস্ত্রহরণ'-এর অভিযোগ তোলেন। পাল্টা মহুয়ার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন চেয়ারম্যান। সেদিনের সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর শোনা যাচ্ছে আগামী মঙ্গলবার ফের মহুয়া ইস্যুতে বৈঠকে বসতে পারে এথিক্স কমিটি। কৃষ্ণনগরের ঘাসফুল সাংসদের বিরুদ্ধে সেদিনই নাকি তদন্তের খসড়া রিপোর্ট তৈরি করা হবে।
গত ২ নভেম্বর মহুয়ার বক্তব্য শোনার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল এথিক্স কমিটির তরফে। সেখানে কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর ছাড়াও ছিলেন আরও ১৪ জন সদস্য। সেই বৈঠকেই তাঁকে অনৈতিক এবং অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মহুয়া। তিনি আরও দাবি করেছিলেন, কথার মাধ্যমেই তাঁর বস্ত্রহরণ করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে এ ব্যাপারে চিঠিও দেন তিনি।
যদিও পাল্টা মহুয়ার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং দুর্ব্যবহার করার অভিযোগ তোলেন বিনোদ সোনকর। সেদিনের বৈঠকে তৃণমূল সাংসদ আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি। কমিটির প্রশ্নের মুখোমুখি না হওয়াতে জন্যই মহুয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ তাঁর। কিন্তু এদিন বিরোধী সাংসদরাও মহুয়ার পক্ষেই দাঁড়ান। বিএসপি সাংসদ দানিশ আলি জানান, দুবাইতে মহুয়া কোন হোটেলে ছিলেন, কার সঙ্গে কথা বলতেন সেসব জানতে চাওয়া হয়েছিল।
বাকবিতণ্ডার মধ্যে ভেস্তে যায় বৈঠক। সূত্রের খবর, মঙ্গলবার সেই বৈঠক আবার বসতে চলেছে। সেখানেই অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগের খসড়া তৈরি হয়ে যাবে।