
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 29 December 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: পর পর তিনবার মেয়ে হওয়ায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারল এক ব্যক্তি। ঘটনাটি মহারাষ্ট্রের পার্বণী জেলার। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকে গোটা দেশ। পরে শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয় ও পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়।
কুণ্ডলিক উত্তম কালের স্ত্রী ময়না সম্প্রতি তাঁদের তৃতীয় সন্তানের জন্ম দেন। পর পর তিনবার মেয়ে হওয়া নিয়ে নিত্যদিন স্বামীর কাছে একাধিক কথা শুনতে হত ময়নাকে। বৃহস্পতিবার রাতে এই বিষয় নিয়েই স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় উত্তমের। তখনই স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে তাকে জ্বালিয়ে দেয় ব্যক্তি।
এনিয়ে মৃতার বোন পুলিশকে জানান, বৃহস্পতিবার ওদের মধ্যে ঝামেলা হয়। তারপরই ময়নার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগা অবস্থায় বাড়ি থেকে দৌড়ে পালায় ও। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু শরীরের বেশিরভাগ অংশই পু়ড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।
মৃতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
মুম্বই থেকে মাত্র ৫২০ কিমি দূরে এমন ঘটনার পর সমাজের পরিস্থিতি ও সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন।