.jpeg)
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 20 November 2024 21:47
দ্য ওয়াল ব্যুরো: এবার লোকসভা ভোটে যে বুথ ফেরত সমীক্ষা সংস্থার সবচেয়ে বেশি মুখ পুড়েছিল তার নাম অ্যাক্সিস মাই ইন্ডিয়া। কারণ, তারা বুথ ফেরত সমীক্ষা করে বলেছিল নরেন্দ্র মোদীর বিজেপি একাই পেতে পারে চারশ আসন। সেই সমীক্ষা তোলপাড় ফেলে দিয়েছিল শেয়ার বাজারে। অথচ প্রকৃত ফলাফলে দেখা যায়, বিজেপি আড়াইশ আসনও ছুঁতে পারেনি।
এহেন অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India Exit Poll) বুধবার জানাল, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে ডাহা হারতে পারে বিজেপি (Maharastra Jharkhand Exit Poll 2024)। বিপরীতে স্যুইপ করতে পারে সোরেন-কংগ্রেস জুটি। ৮১ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে মাত্র ১৭ থেকে ২৭টি আসন। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট জিততে পারে ৪৯ থেকে ৫৯টি আসনে।
প্রশ্ন উঠতেই পারে লোকসভা ভোটে মুখ পোড়ার পর অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা নিয়ে আর কোনও আলোচনার দরকার আছে কি? জবাবে বলা যায়, বুথ ফেরত সমীক্ষা খুবই জটিল প্রক্রিয়া। এর থেকে ভোট শতাংশের একটা ইঙ্গিত পাওয়া যায়। তবে তা থেকে আসন সংখ্যার সঠিক পূর্বানুমান করাটা অতিশয় কঠিন। ত্রুটির সম্ভাবনা তাতে থেকেই যায়। তবে তার মানে এই নয় বুথ ফেরত সমীক্ষার কোনও বিজ্ঞান নেই বা ভিত্তি নেই। আর অ্যাক্সিসের সমীক্ষা একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, বহু নির্বাচনে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে প্রায় হুবহু মিলে গেছে। একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে অ্যাক্সিসের সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে প্রায় মিলে গেছিল। সুতরাং অ্যাক্সিস একবার ভুল করলেও বারবার তা করবে এমনটা অনেকেই মনে করেন না। বরং অনেকের কাছে তাদের সমীক্ষার গুরুত্ব রয়েছে।
Jharkhand Exit Poll - Overall Seat Share (81 Seats) & Vote Share(%)#JharkhandAssemblyElection2024 #Election2024 #exitpoll pic.twitter.com/XwjWLYGNi8
— Axis My India (@AxisMyIndia) November 20, 2024
একই ভাবে টুডেজ চাণক্য (Todays Chanakya Exit Poll) বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে মোটামুটি ভাবে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছে। সঠিক পূর্বানুমানের ক্ষেত্রে তাদের ধারাবাহিকতাও ইর্ষা করার মতো। তবে চাণক্য বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার বুথ ফেরত সমীক্ষা তারা বৃহস্পতিবার প্রকাশ করবে।
অ্যাক্সিসের সমীক্ষা জানিয়েছে, ঝাড়খণ্ডের ভোটে বিজেপি পেতে পারে ৩১ শতাংশ ভোট। তাদের সহযোগী আজসু পেতে পারে ৪ শতাংশ ভোট। এনডিএ মোট ৩৭ শতাংশ ভোট পেতে পারে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএলোর জোট পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অর্থাৎ দুই শিবিরের মধ্যে ৮ শতাংশ ভোটের ফারাক থাকতে পারে। তাতেই আসন সংখ্যার ফারাকটা বিশাল হয়ে যেতে পারে।
চাণক্যর মতই অ্যাক্সিস মাই ইন্ডিয়াও মহারাষ্ট্রের বুথ ফেরত সমীক্ষা বৃহস্পতিবার প্রকাশ করবে। অ্যাক্সিসের কর্তা প্রদীপ গুপ্তা এদিন বলেন, আমি আশা করব ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বুথ ফেরত সমীক্ষা এবার কাউকে নিরাশ করবে না। সমীক্ষা সঠিক হবে।