
বন্যা পরিস্থিতি আরও জটিল হচ্ছে
শেষ আপডেট: 5 August 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টিতে বেহাল দশা মহারাষ্ট্রের। পুনে, নাসিক সহ একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি আরও জটিল হচ্ছে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, শেষ ৪৮ ঘণ্টায় শুধুমাত্র নাসিকেই ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এর জেরে বহু মানুষ এখন ঘরছাড়া। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সোমবারই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গিরনা নদীর জলস্তর বেড়ে গেছে। নাসিকে বর্তমানে বন্যা পরিস্থিতির জন্য আটকে পড়েছেন ১২ জন। এছাড়া পুনে সহ একাধিক এলাকা থেকে অনেকেই নিখোঁজ বলে খবর। এই অবস্থায় জলমগ্ন এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দুর্যোগের সময়ে যাতে নদীর ধারে কেউ না যান সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে। একইসঙ্গে, নদীপারের বহু দোকানও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
প্রবল বৃষ্টির জেরে অধিকাংশ বাড়িতে জল ঢুকে গেছে। সাধারণ জীবনযাপন ব্যাহত। দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে দুর্ঘটনার খবর আসায় আমজনতার মধ্যে আতঙ্কও বেড়েছে। কোথাও গাড়ি দুর্ঘটনা ঘটছে, আবার কোথাও বিদ্যুৎপৃষ্ট হয়ে কেউ মারা গেছেন। পুলিশ বলছে, আবহাওয়া খারাপ থাকায় দৃশ্যমানতা কমে গেছে, তাই গাড়ি দুর্ঘটনার খবর আসছে। আর জলমগ্ন এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লাইন বিপর্যস্ত। দুর্যোগের মধ্যে কাজও করা যাচ্ছে না।
গোটা দেশের নিরিখে এখনও পর্যন্ত বন্যার কারণে ২৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি খারাপ অবস্থা উত্তর ভারতের। সেখানের ৭ রাজ্য মিলিয়ে বিগত কয়েক ঘণ্টায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। তবে ধস এবং ভাঙনের কারণে সবথেকে খারাপ অবস্থা কেরলের ওয়ানাড়ের।