
বিনোদ তাওড়ে
শেষ আপডেট: 19 November 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহারাষ্ট্রের ভোট। তার আগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছে বহুজন বিকাশ আঘোড়ী। ভোট কেনার জন্য টাকা বিলি করছেন বিজেপি নেতা, অভিযোগ এমনই। ভোট কেনার জন্য ৫ কোটি টাকা বিলি করার চেষ্টা করেছেন রাজ্যের ওই প্রাক্তন মন্ত্রী বলে দাবি করা হয়েছে। এই কারণে তাঁকে ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়।
পালঘর জেলায় বহুজন বিকাশ আঘোড়ীর প্রধান হিতেন্দ্র কুমারের বেশ দখল রয়েছে। তিনি ভাসাইয়ের বিধায়কও বটে। তিনি বিনোদ তাওড়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, নির্বাচনের আগে মানুষের ভোট কেনার জন্য ৫ কোটি টাকা বিলি করার চেষ্টা করেছেন বিনোদ। পালঘরের বিরারে একটি হোটেলে বসে এই কাজ করছিলেন তিনি বলে দাবি। এই কারণে হোটেলের ঘরেই কার্যত বচসা এবং সংঘর্ষে জড়ান বিজেপি এবং বহুজন বিকাশ আঘোড়ীর সদস্যরা।
হিতেন্দ্রর ছেলে তথা নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিশ ঠাকুর এবং তাঁর দলবল হোটেলে গিয়ে বিজেপি বিধায়ককে ঘেরাও করেন। ক্ষিতিশ ওই ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছেন এবং তাতে ১৫ কোটি টাকা আনার উল্লেখ আছে বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, নালাসোপাড়ার বিজেপি প্রার্থী রাজন নায়েকের সমর্থনে এই টাকা বিলি করার জন্য আনা হয়েছিল। কাকে কত টাকা দেওয়া হবে সে তথ্য নাকি ওই ডায়েরিতে লেখা রয়েছে।
হিতেন্দ্র জানান, তাঁর কাছে খবর আসে পালঘরের হোটেলে বিজেপির তরফে টাকা বিলি করা হচ্ছে। সেই খবর পেয়েই তিনি ছেলেকে লোকজন নিয়ে ওই হোটেলে যেতে বলেন।হোটেলের সিসিটিভি ক্যামেরাও বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল বলে অভিযোগ। দাবি, হোটেল কর্তৃপক্ষও এই ঘটনায় জড়িয়ে আছে।
ইতিমধ্যে এই ঘটনায় নির্বাচন কমিশন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁর হোটেলের ঘর থেকে কয়েক লক্ষ টাকা নগদ টাকা উদ্ধারও করা হয়েছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, বিজেপি নেতাকে ঘিরে রয়েছে বিরোধী জোটের কর্মী-সদস্যরা এবং তাঁর ব্যাগ থেকে টাকা নগদ টাকা বের করা হচ্ছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তাওড়ে।
তাঁর কথায়, ৪০ বছর ধরে তিনি রাজনীতি করছেন। যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরাও তাঁকে খুব ভাল করেই চেনেন। তাই অভিযোগের কোনও ভিত্তি নেই। ওদিকে বিজেপির দাবি, ভোটে হারবে জেনে বিরোধীরা এইসব ভিত্তিহীন অভিযোগ করছে। বিষয়টা হাস্যকর।
HUGE: a day before Maharashtra goes to polls, major controversy.. BJP national general secretary Vinod Tawde trapped and gheraoed by a BVA MLA in a hotel in Virar, accused of having a Rs 5 crores cash bag with a diary of people to whom money given is reportedly mentioned. BJP… pic.twitter.com/lyChkwJHdZ
— Rajdeep Sardesai (@sardesairajdeep) November 19, 2024