
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 November 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা ভোটের বুথফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করল। প্রাথমিক প্রবণতায় একাধিক বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি ও তার সহযোগী দলগুলি এগিয়ে রয়েছে। পি-মার্কের বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি ও তার সহযোগী দলগুলি ১৩৭ থেকে ১৫৭টি আসন পেতে পারে। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট শরিক বা মহা বিকাশ আঘাড়ি পেতে পারে ১২৬ থেকে ১৪৬টি আসন। অন্যান্য ২-৮।
অন্যদিকে, ম্যাট্রিজের সমীক্ষায় অনুমান মহারাষ্ট্রে ফের সরকার গড়তে পারে মহায়ুতি বা শাসক জোট। তাদের বুথফেরত সমীক্ষা বলছে বিজেপি ও তার সহযোগী দলগুলি পেতে পারে ১৫০-১৭০টি আসন। অন্যদিকে বিরোধী জোট পেতে পারে ১১০-১৩০টি আসন। অন্যান্যরা পাবে ৮-১০টি আসন।
পিপলস পালস প্রজেক্টের মতে, মহায়ুতি জোট বিরাট মার্জিনে জয় পেতে চলেছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা ভোটে ম্যাজিক ফিগার হল ১৪৫। এর মধ্যে মহায়ুতি জোট পেতে পারে ১৮২ (১৭৫-১৯৫)। অন্যদিকে মহা বিকাশ আঘাড়ি পেতে পারে ৯৭টি (৮৫-১১২) আসন। অন্যান্যরা পাবে ৭-১২টি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে আগেরবার অর্থাৎ ২০১৯ -এর বিধানসভা ভোটের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট মেলেনি। অধিকাংশ সংস্থা বলেছিল বিজেপি ও শিবসেনার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। জোটের আগে অপিনিয়ন পোলেও তাই বলা হয়েছিল।
কিন্তু বাস্তবে তা ঘটেনি। সেই সুযোগে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তোলায় বিজেপির সঙ্গে তাঁদের বোঝাপড়া ভেস্তে যায়।
অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের নেতৃত্বে জিএমএম-কংগ্রেস-আরজেডি জোট ক্ষমতায় আসছে বলে স্পষ্ট আভাস দিয়েছিল বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট। এবার শেষ পর্যন্ত কী হয় জানা যাবে ২৩ নভেম্বর, শনিবার।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া'র বুথ ফেরত সমীক্ষা বলছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন সরকার গড়বেন। অন্যদিকে, টাইমস নাউ বলেছে, ঝাড়খণ্ডে ক্ষমতায় ফিরছে বিজেপি।
চাণক্য'র বুথ ফেরত সমীক্ষা বলছে মহারাষ্ট্রে ১৫০ থেকে ১৬০টি আসনে জয় ছিনিয়ে নিয়ে ক্ষমতায় থেকে যাবে এনডিএ। চাণক্য কংগ্রেস, শিবসেনা (ইউটিবি) এবং শরদ পাওয়ারের এনসিপি'কে ১৩০ থেকে ১৩৮টি আসন দিয়েছে। ঝাড়খণ্ডেও তারা এনডিএ-কে এগিয়ে রেখেছে।
সব মিলিয়ে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ- কেই দুই রাজ্যে এগিয়ে রেখেছে।