
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 January 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ ২০২৫। এপর্যন্ত কয়েক কোটি মানুষ উপস্থিত হয়েছেন পুণ্যস্নান করতে। এত লোক এক জায়গায় একত্রিত হবেন, যাতে দূষণ না বাড়ে ও বাতাসে অক্সিজেনের পরিমাণ না কমে যায়, সেজন্য পদক্ষেপ করেন এক আইএএস অফিসার। তাঁর নেতৃত্বে ময়লা ফেলার জায়গায় বসানো হয় গাছ। দেখে মনে হতেই পারে, জঙ্গলটি বহুদিন ধরে রয়েছে প্রয়াগরাজের ওই এলাকায়।
সূ্ত্রের খবর, দু'বছর আগে প্রয়াগরাজ পৌর নিগমের কমিশনার চন্দ্র মোহন গর্গ শহরের ডাম্প ইয়ার্ড এবং বর্জ্য দূরীকরণে কাজ শুরু করেন। শহরের পরিবেশ উন্নত করতে ও বাতাসের গুণগত মান বাড়াতে, জাপানি 'মিয়াওকি' পদ্ধতি ব্যবহার করে গাছপালা লাগানো শুরু করেন। তাঁর উদ্যোগেই ময়লা ফেলার জায়গাগুলিতে গাছ বসানো হয় হাজার হাজার ।
শহরের নৈনি শিল্পাঞ্চলে সবচেয়ে বড় গাছ রোপণ প্রকল্পে ৬৩ রকমের ১.২ লক্ষ চারা গাছ বসানো হয়। শহরের সবচেয়ে বড় ময়লা ফেলার জায়গায় ২৭ প্রজাতির ২৭ হাজার গাছের চারা রোপণ করা হয়।
এই উদ্যোগের ফলে শুধুমাত্র শিল্প বর্জ্য দূর করা সম্ভব হয়েছে এমন নয়। শহরের ধুলো, ময়লা এবং দুর্গন্ধ কমেছে। কমেছে প্রয়াগরাজের দূষণও।
সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, প্রয়াগরাজ পৌর নিগম গত দুই বছরে শহরের বিভিন্ন স্থানে একাধিক 'অক্সিজেন ব্যাঙ্ক' তৈরি করেছে, যা শহরের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করেছে ও জনসাধারণকে সুস্থ পরিবেশ উপহার দিয়েছে।