
শেষ আপডেট: 3 December 2023 23:13
দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে লোকসভা ভোটে শেষবার ভোটে লড়েছিলেন তিনি। জিতেওছিলেন। তারপর ২০১৪ সালের পর থেকে তাঁকে আর নির্বাচনের ময়দানে দেখা যায়নি। আর এবার ২০২৩ সালে তেলঙ্গানা বিানসভা নির্বাচনে ফের প্রার্থী হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তবে ভোটের ময়দানে পরাজিত হলেন তিনি। তেলঙ্গানার জুবিলি হিলস কেন্দ্রের বিআরএস প্রার্থী মগন্তী গোপীনাথের কাছে হেরে গেলেন মহম্মদ আজহারউদ্দিন।
রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয় দেশের চার রাজ্যে। প্রথম থেকেই তেলঙ্গানায় কংগ্রেস যে ভালো ফল করতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল। তবে দু তিন রাউন্ড গণনার পরই পিছিয়ে পড়তে শুরু করেন আজহারউদ্দিন। এককথায় প্রতিটি রাউন্ডের গণনা শেষে মগন্তী গোপীনাথের পাল্লা ভারী হতে থাকে। ২৬ রাউন্ডের পর জুবিলি হিলসে কেন্দ্রে ১৫৯৩৯ ভোটে এগিয়ে থাকেন বিআরএস নেতা। সর্বশেষে ১৬ হাজার ভোটের ব্যবধানে তাঁর কাছে হেরে যান আজহারউদ্দিন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনেও আজহারউদ্দিনের লড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে জিতেই শেষবার উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাংসদ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে ভোটের ময়দানে না লড়লেও রাজনীতি থেকে অবসর নেননি আজারউদ্দিন। ফের চার বছর বাদে তেলঙ্গানায় জুবিলি হিলস কেন্দ্রে ভোটে লড়ার সুযোগ পান তিনি। কিন্তু সেখানেও এল পরাজয়।
প্রসঙ্গত, তেলঙ্গানায় এক দশকের কেসিআর সরকারকে ক্ষমতাচ্যুত করেছে কংগ্রেস। ‘হাত’ দেখিয়ে কেসিআর-দের ‘গাড়ি’ আটকে দিয়েছেন রেবন্ত রেড্ডিরা। ১১৯ আসলের তেলঙ্গানা বিধানসভায় ৬০ আসলে ইতিমধ্যেই জয়ী কংগ্রেস। এগিয়ে রয়েছে আরও আটটি আসনে। ভোটের রেজাল্ট কোন দিকে যেতে চলেছে সেউ আভাস অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছিল। শুরু থেকেই বড় ব্যবধানে কে চন্দ্রশেখর রাওয়ের দলকে পিছনে ফেলে দিয়েছিল কংগ্রেস। যদিও জয়ের মুখ দেখতে পেলেন না আজহারউদ্দিন।