
শেষ আপডেট: 24 October 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: খবর পেয়েছিল, ধারেকাছে এক তান্ত্রিক রয়েছেন। অসীম শক্তিশালী তিনি, জ্বিন নামাতে পারেন। দশেরাতে সেই জ্বিনকে দিয়েই অসাধ্য সাধন করতে পারেন তিনি। এমনকী, বাতিল নোট বদলে নতুন নোট এনে দিতে পারেন। তাই নোটবন্দির আগেকার বাতিল হয়ে যাওয়া ৫০০ এবং ১০০০ টাকার তাড়া তাড়া নোট নিয়ে সেখানেই যাবেন বলে রওনা হয়েছিলেন। কিন্তু রাস্তায় সব হিসেব উল্টে গেল। নোট বদলানো তো হলই না, বরং ঠাঁই হল গরাদের ওপারে।
সুলতান কারোসিয়া নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে মধ্যপ্রদেশের মোরেনা জেলার বারোকার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বাতিল হয়ে যাওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোট মিলিয়ে মোট ৪৭ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল বিধানসভা নির্বাচনের আগে ওই ব্যক্তি ভোটারদের মধ্যে টাকা বিলি করার জন্য বিপুল টাকা নিয়ে বেরোবেন। এরপরেই রাস্তায় বাইক থামিয়ে রুটিন তল্লাশি শুরু করে পুলিশ। তখনই ধরা পড়ে সুলতান। তার বাইকে রাখা একটি কালো ব্যাগ থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, ১০০০ টাকার ৪১টি বান্ডিল এবং ৫০০ টাকার নোটের ১২টি বান্ডিল ছিল, সবমিলিয়ে মোট ৪৭ লক্ষ টাকা। ওই টাকার উৎস কী, এ ব্যাপারে সন্তোষজনক উত্তর দিতে না পারার পরেই গ্রেফতার করা হয় সুলতানকে।
তদন্তকারীরা জানিয়েছেন, জেরার মুখে অদ্ভুত দাবি করে সুলতান। সে জানায়, নোটবন্দির সময় একটি ময়লা ফেলার জায়গা থেকে সে ওই বিপুল পরিমাণ বাতিল হয়ে যাওয়া নগদ টাকা কুড়িয়ে পেয়েছিল। কিন্তু যেহেতু তা বাতিল নোট, তাই সে তা কাজে লাগাতে পারেনি।
তবে সম্প্রতি জিতেন্দ্র ভাদুরিয়া নামে এক পরিচিতর কাছ থেকে সে এক তান্ত্রিকের কথা জানতে পারে। ওই তান্ত্রিক নাকি এতটাই শক্তিশালী যে তিনি জ্বিন নামাতে পারেন। সেই জ্বিনকে দিয়েই বাতিল নোট পরিবর্তন করে নতুন নোট বানিয়ে নেওয়ার বুদ্ধি দেয় জিতেন্দ্র। আর সেই উদ্দেশেই দশেরার দিন সে টাকা সঙ্গে করে রওনা হয়েছিল।
যদিও তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ। তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। এছাড়া তাঁরাও খতিয়ে দেখছেন ওই টাকা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে বিলি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা। এই ঘটনায় ইতিমধ্যেই জিতেন্দ্রকেও গ্রেফতার করা হয়েছে। ওই তান্ত্রিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।