
দুই নাবালককে শাস্তি দেওয়ার ছবি
শেষ আপডেট: 4 November 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ি চুরি করার অপরাধে দুই নাবালককে উল্টো ঝুলিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, উচিত শিক্ষা দিতে তাদের মারধর করে লঙ্কার পোড়ার ধোঁয়া খাওয়ানোরও অভিযোগ উঠেছে। গত ৩১ অক্টোবরের এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার তা প্রকাশ্যে আসে।
ঘটনাটি মধ্যপ্রদেশের পনধুর্না এলাকার। মহগাঁও থানার অফিসার রূপলাল উইকে জানান, দইয়ের জন্য ধার করা টাকা ফেরত দিতে স্থানীয় একটি বাড়িতে গিয়েছিল ১৪ বছর বয়সী দুই নাবালক। সেখানেই তারা একটি ঘড়ি চুরি করে।
অফিসার আরও বলেন, পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে চুপচাপ ঘড়িটিকে তার আসল জায়গায় ফিরিয়েও দেয়। গোটা ব্যাপারটা দেখতে পান গ্রামের দুই বাসিন্দা নিখিল কলম্বে এবং সুরেন্দ্র বাওয়ানকার। তখনই ওই দুই নাবালককে জোর করে একটি ট্রাক্টর গ্যারেজে নিয়ে গিয়ে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সবটা শুনে রীতিমতো মারধর করে উল্টো করে ঝুলিয়ে, কান ধরিয়ে, লঙ্কা পোড়ার ধোঁয়া দিয়ে শাস্তির ব্যবস্থা করেন।
প্রাথমিকভাবে ওই দুই নাবালক ভয় পেয়ে ঘটনাটা পরিবারকে না জানালেও অভিযুক্তদের একজন গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন।
ভিডিও চালাচালিতেই দুই নাবালকের একজনের বাবার চোখে পড়ে সেই ভিডিও। যা দেখে অবাক হয়ে যান তিনি। এ ব্যাপারে ছেলেকে প্রশ্ন করা হলে গোটা ঘটনার কথা জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গেই ছেলেকে সঙ্গে নিয়ে থানায় যান। লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই অভিযুক্ত নিখিল কলম্বে, সুরেন্দ্র বাওয়ানকারকে আটক করেছে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা।