
মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা।
শেষ আপডেট: 29 June 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: গোপনে মদ ছাড়ান! ট্রেন, রেল স্টেশন-সহ জনবহুল বিভিন্ন জায়গায় এমন পোস্টার হামেশাই চোখে পড়ে। এবার মদ্যপ স্বামীদের কীভাবে ধীরে ধীরে মদ্যপান ছাড়াতে হবে, প্রকাশ্যে তার টিপস দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা।
শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে মাদকবিরোধী সচেতনতা নিয়ে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা। সেখানে উপস্থিত মহিলাদের উদ্দেশে মন্ত্রী বলেন, "বাজারে বা দোকানের পরিবর্তে স্বামীকে বলুন বাড়িতে বসে মদ খেতে!"
মন্ত্রী তথা বিজেপি নেতার মুখে এমন কথা শুনে অনেকেই বিস্মিত হন। নারায়ণ সিং কুশওয়াহা বলেন, "যদি মা-বোনেরা চান তাঁর স্বামী আর মদ না খান, তাহলে এই টোটকাকে ব্যবহার করে দেখতে পারেন।"
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রীমশাই। তিনি বলেন, "দোকানে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে। বাড়িতে সেটা হবে না। তাছাড়া স্ত্রী ও সন্তানদের সামনে মদ্যপান করতেও সে লজ্জা বোধ করবে। তাতেও কাজ না হলে তাঁকে বলবেন, তোমায় দেখে কিন্তু সন্তানও শিখছে। ও একদিন মদ খাবে!"
প্রয়োজনে এ ব্যাপারে মহিলাদের নিজস্ব বাহিনী তৈরিরও পরামর্শ দিয়েছেন নারায়ণ সিং কুশওয়াহা। মন্ত্রী এও বলেন, "বিহার ও গুজরাতে মদ নিষিদ্ধ, কিন্তু সেখানেও গোপনে মদ বিক্রি হচ্ছে। আসলে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে।"
এখানেই না থেমে নারায়ণ সিং কুশওয়াহা বেশ দৃঢ়তার সঙ্গে বলেন, "এটা একেবারেই বাস্তব। দেখবেন আপনার স্বামী ধীরে ধীরে মদ খাওয়া ছেড়ে দেবে!"
বিজেপির মন্ত্রীর মুখে এমন পরামর্শর কথা শুনে রাজ্যজুড়ে শোরগোল তৈরি হয়েছে। এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া সেলের প্রধান মুকেশ নায়ক। তিনি বলেন, "মন্ত্রী ঠিক কথা বলেননি। এটা কোনও সমাধান নয়। বরং বাড়িতে মদ্যপান শুরু হলে গার্হস্থ্য হিংসা আরও বাড়বে।"