
শেষ আপডেট: 6 February 2024 21:00
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় পাস হয়ে গেল পাবলিক এক্সামিনেশন বিল। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতির ঘটনায় মোটা অঙ্কের জরিমানা ও হাজতবাস হবে।
ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, রেল, ব্যাঙ্ক সহ একাধিক নিয়োগ পরীক্ষা নিয়ে মাঝেসাজেই দুর্নীতির অভিযোগ ওঠে। এই নিয়ে কড়া পদক্ষেপ করতে নতুন আইনের ভাবনা নিয়েছিল কেন্দ্র। সোমবার লোকসভায় এই 'অ্যান্টি চিটিং বিল' পেশ করা হয়েছিল। আর মঙ্গলবার তা পাস হয়ে গেল। এরপর রাজ্যসভায় এটি পেশ করা হবে, সেখানে বিল পাস হলে তা যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি তাতে সাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল।
এই বিল আইনে পরিণত হলে কী হবে? জানা গেছে, যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করবে বা, উত্তরপত্রে কারসাজি করার চেষ্টা করবে তারা ধরা পড়লে কমপক্ষে ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা জরিমানার সম্মুখীন হবে।
তাৎপর্যপূর্ণ বিষয়, এমন ধরনের অপরাধ হলে এই আইন অনুযায়ী তাতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে। আর পুলিশ শুধু সন্দেহের বশে বিনা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে।
এই বিলে ১৫ রকমের অনিয়মের কথা বলা হয়েছে। যার মধ্যে আছে প্রশ্নপত্র ফাঁস, ওএমআর শিট জালিয়াতি, নথি জাল করা প্রভৃতি। সব ক্ষেত্রেই ন্যূনতম তিন বছরের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা হবে।