নির্মলা সীতারমন
শেষ আপডেট: 4 December 2024 07:46
দ্য ওয়াল ব্যুরো: আর কোনও বাধা রইল না। এবার থেকে একজন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন। মঙ্গলবারই লোকসভায় পাশ হয়েছে ব্যাঙ্কিং আইন (সংশোধনী বিল), ২০২৪। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যে কোনও আমানতকারীর আইনি উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।
কেন্দ্রের নয়া আইন অনুযায়ী এখন থেকে কোনও এক জন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারবেন। সে ক্ষেত্রে কোন নমিনিকে কত শতাংশ টাকা পাবেন, তাও উল্লেখ করা যাবে।
১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ৪৫ জেডএ (১) ধারা অনুযায়ী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক জনের বেশি নমিনি করা যেত না। কিন্তু এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতেই নমিনির সংখ্যা বাড়ানোর পক্ষেই সায় দিল মোদী সরকার।
শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়, লকারে রাখা সামগ্রির ক্ষেত্রেও একাধিক নমিনি রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে নয়া ব্যাঙ্কিং আইন সংশোধনীতে। এছাড়াও নতুন বিলে বিলে সমবায় ব্যাঙ্কগুলিতে পরিচালকদের মেয়াদ ৮ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব পাশ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এক জন পদমর্যাদার আধিকারিককে রাজ্য সমবায় ব্যাঙ্কের বোর্ডে নিয়োগের কথা জানানো হয়েছে।
নির্মলা জানান, ২০১৪ সাল থেকে সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাংকগুলিকে স্থিতিশীল রাখতে কাজ করছে এবং এর ফলস্বরূপ এখন দেশব্যাপী ব্যাংকগুলো আরও সুস্থ, নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, এই সংশোধনীগুলি ব্যাংকিং খাতে শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মনোনয়ন সংক্রান্ত গ্রাহক সুবিধা আরও বাড়াবে যাতে বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার হবে।