
শেষ আপডেট: 23 October 2023 19:46
দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন সম্পর্ককে দেশের শীর্ষ আদালত স্বীকৃতি দিলেও তা নিয়ে উল্টো সুর শোনা গেল এলাহাবাদ হাইকোর্টে। সোমবার একটি মামলায় লিভ ইন সম্পর্ককে ‘মোহ’, ‘টাইমপাস’ তকমা দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রাহুল চতুর্বেদী এবং বিচারপতি মহম্মদ আজহার হুসেইন ইদ্রিসি। আদালতের এমন রায়ে বিপাকে ভিন্নধর্মী এক যুগল।
নিরাপত্তা চেয়ে দায়ের করা মামলার শুনানিতে এই দুই বিচারপতি বলেন, মাত্র ২০ এবং ২২ বছর বয়সেই ওই যুগল একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তাঁদের প্রেমের বয়স মাত্র দু’মাস। তাই আদালত মনে করছে, ওই প্রেমিক প্রেমিকা না ভেবেচিন্তেই একসঙ্গে থাকার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের জন্য খুবই ক্ষতিকর।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, ওই দুই তরুণ তরুণী স্বেচ্ছায় সংসার করতে চান। এদিকে তরুণীর পরিবার ছেলেটির বিরুদ্ধে অপহরণ-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে। তবে পুলিশের কাছে পাল্টা ওই তরুণী বলেন, তিনি প্রাপ্তবয়স্ক। আর এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। এরপরই নিজেদের নিরাপত্তা চেয়ে তাঁরা হাইকোর্টে মামলা করেছিলেন। যার রায় দিতে গিয়ে সোমবার লিভ ইন সম্পর্ককে ‘টাইমপাস’ আখ্যা দিলেন দুই বিচারপতি।