3.webp)
বাছুরছানাকে আদর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 14 September 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে নয়া সদস্য। আদর করে স্বয়ং মোদী তার নাম রাখলেন 'দীপজ্যোতি'। ছোট্ট ফুটফুটে ছানাটিকে দেখলেই আদর করতে মন চাইবে। কোলে তুলে নিতে ইচ্ছে হবে। ঠিক যেমনটি ক্ষণিকা কাব্যগ্রন্থের এক গাঁয়ে কবিতায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, 'তাহার দুটি পালন করা ভেড়া/ চরে বেড়ায় মোদের বটমূলে,/ যদি ভাঙে আমার খেতের বেড়া/ কোলের ’পরে নিই তাহারে তুলে।' যা ভাবছেন, তা নয়। মোদীর বাসভবনে আসা নয়া সদস্যটি হল একটি তুলতুলে বাছুর ছানা।
স্বাধীন ভারতে প্রথম গো-রাজনীতি প্রবেশ করে কংগ্রেসের হাত ধরে। বেশ কয়েকবার নির্বাচনী প্রতীক পরিবর্তনের সময় ইন্দিরা কংগ্রেসের জমানায় একবার তা গাই-বাছুরের ছবি। তারপর গোবলয় বলে যা বিখ্যাত সেইসব প্রদেশে ভারতীয় জনতা পার্টি গোমাতার লেজ ধরে ভোট বৈতরণীতে পাড়ি দেয়। ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে ইন্দিরা গান্ধীই নির্বাচনী প্রতীক পরিবর্তন করে হাতকে চিহ্ন করেন। কিন্তু, বিজেপি কখনও গো-রাজনীতিকে ত্যাগ করেনি।
हमारे शास्त्रों में कहा गया है - गाव: सर्वसुख प्रदा:'।
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
लोक कल्याण मार्ग पर प्रधानमंत्री आवास परिवार में एक नए सदस्य का शुभ आगमन हुआ है।
प्रधानमंत्री आवास में प्रिय गौ माता ने एक नव वत्सा को जन्म दिया है, जिसके मस्तक पर ज्योति का चिह्न है।
इसलिए, मैंने इसका नाम 'दीपज्योति'… pic.twitter.com/NhAJ4DDq8K
গত মকর সংক্রান্তিতেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর গোভক্তির দৃশ্য। প্রধানমন্ত্রীর বাসভবনের পিছনের বাগানে তিনি গোরুকে খাওয়াচ্ছেন, গায়ে মাথায় হাত বুলোচ্ছেন এমন ভিডিও পোস্ট করেন তিনি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেও প্রায় একই ধরনের ছবি বাজারে এসেছিল। একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, গোমাতা হলেন সনাতন ধর্মের ধারকমাতা। ২০২১ সালে কাশীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, কারও কাছে গো-প্রেম অপরাধ। কিন্তু আমাদের কাছে গোরু মায়ের সমান।
গতবছর ওয়ারাঙ্গলে ভদ্রকালী মন্দির পরিদর্শনে গিয়ে মোদীকে গোশালায় ঢুকে গোরুকে ঘাস খাওয়াতে দেখা গিয়েছিল। এমনকী রামলালার মন্দির ও মূর্তি উন্মোচনের আগে বেশ কয়েকদিন যে নিষ্ঠাভরে সাত্ত্বিক দিন কাটিয়েছেন, সেসময়ও রোজ নিয়ম করে গোরুকে খাওয়াতেন মোদী। প্রধানমন্ত্রীর এই গোসেবা নিয়ে বিরোধী রাজনৈতিক মহলেও বেশ কয়েকবার সমালোচিত হলেও গোরুভক্তি বা গোরুর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি মোদীর।
এবারেও প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে যে পোস্ট করেছেন তাতে তাঁর সেই ভালোবাসার চিহ্ন আবার ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের শাস্ত্র বলেছে, গোরু সর্বসুখ প্রদা। ৭ নম্বর লোককল্যাণ মার্গে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) প্রধানমন্ত্রী পরিবারে এক নতুন সদস্যের শুভ আগমন ঘটেছে। প্রধানমন্ত্রীর আবাসে প্রিয় গোমাতা একটি নতুন বৎসের (বাছুর) জন্ম দিয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এও লিখেছেন, এই বাছুরের মাথায় একটি জ্যোতিচিহ্ন আছে। তাই আমি এর নাম রেখেছি দীপজ্যোতি।
মোদীর বাড়িতে বেশ কিছু গোরু পালন করা হয়। প্রধানমন্ত্রী সময় পেলে তাদের খাওয়ান, যত্ন করেন। গোরুগুলি অন্ধ্রপ্রদেশের পুঙ্গানুর প্রজাতির। আড়াই থেকে তিন ফুট উচ্চতার হয়ে থাকে এই প্রজাতির গোরু। খর্বকায়তম এই গোরু পুষ্টিকর দুধ দেয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, মোদী বাছুরটিকে আদর করে তার গালে চুমু খাচ্ছেন। জড়িয়ে ধরছেন। তাকে নিয়ে ঘরের ভিতরে হাঁটিহাঁটি পা পা করছেন। পুজোর আসনে তার গায়ে চাদর পরিয়ে দিচ্ছেন। বাছুরটির মাথায় ছোট্ট একফালি সাদা দাগের উপর আদরমাখা আঙুল বুলিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই পোস্ট ইনস্টাগ্রাম ও এক্সে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।