
তামিলনাড়ু
শেষ আপডেট: 20 March 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (Tamil Nadu State Marketing Corporation) ২২টি অফিসে বৃহস্পতিবার নিয়ে টানা তিনদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) অভিযান চলছে। তিনদিন ধরে অফিস থেকে বের হতে পারননি কর্পোরেশনের আধিকারিকেরা। ইডির বক্তব্য, হাজার কোটি টাকা অনিয়মের মামলায় তদন্ত চালাচ্ছে তারা। বৃহস্পতিবার মাদ্রাজ হাই কোর্ট Madras High Court) নিগমের আধিকারিকদের আটকে না রাখতে নির্দেশ দিয়েছে ইডিকে।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন মদের একমাত্র পাইকারি সরবরাহকারী। মদ উৎপাদনকারী কোম্পানিগুলি যাবতীয় মদ (Liquor) কর্পোরেশনকে দেয়। কর্পোরেশন দোকানে খুচরো বিক্রির জন্য সরবরাহ করে থাকে।
ইউি যে মামলার তদন্ত চালাচ্ছে তাতে অভিযোগ করা হয়েছে মদের দোকানের লাইসেন্স বিলিতে হাজার কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে। মূলত ঘুষ বাবদ ওই টাকা কর্পোরেশনের আধিকারিক এবং শাসক দল ডিএমকের নেতাদের পকেটে গিয়েছে।
দিল্লি ( Delhi) ও ছত্তিসগড়ের ( Chattisgarh) মদ কেলেঙ্কারিতেও একই অভিযোগ উঠেছিল। দুই রাজ্যেই ভোটে মদ কেলেঙ্কারি ছিল শাসক দল যথাক্রমে আম আদমি পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রধান হাতিয়ার। দুই রাজ্যই বর্তমানে বিজেপির দখলে।
কংগ্রেস শাসিত ছত্তিসগড়ে বিধানসভা ভোট হয় গত বছর নভেম্বরে। ঠিক এক বছর আগে মদ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তদন্তে নামে ইডি-সিবিআই। সেই মামলায় গত সপ্তাহে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের পুত্রকে জেরা করে ইডি।
দিল্লির মদ কেলেঙ্কারিতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে জেলে যেতে হয়েছিল। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে'র অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিথ্যা মামলা সাজিয়ে তদন্ত শুরু করেছে। ভোটের অঙ্কে বিজেপি এই কৌশল নিয়েছে।
বিজেপির অভিযোগ, দিল্লি, ছত্তিসগড়ের কায়দায় তামিলনাড়ু সরকারের মন্ত্রী ও ডিএমকে'র নেতারা মদের লাইসেন্স বিলিয়ে বিপুল অর্থ ঘুষ নিয়েছেন।