
বজ্রপাতে মৃত্যুমিছিল - প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 July 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির পরিমাণ যাই হোক, বজ্রপাত হবেই। এটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আর বিগত দু-দিনে দেশের দুই রাজ্য মিলিয়ে এই বজ্রপাতেই কার্যত হয়েছে মৃত্যুমিছিল। প্রাণ গিয়েছে অন্তত ৬০ জনের, আহত একাধিক।
উত্তরপ্রদেশ এবং বিহারের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দেখা গেছে, উত্তরপ্রদেশের ১০ জেলার ৪৩ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। আর বিহারের একাধিক জেলা মিলিয়ে মৃতের সংখ্যা ২০, আহত ৪০ জন। এই তথ্য শুধুমাত্র গত বুধবার এবং বৃহস্পতিবারের। আবহবিদরা বলছেন, বর্ষাকালে একের পর এক এমন বজ্রপাতের ঘটনা খুব একটা স্বাভাবিক নয়।
যদি বিষয়টি স্বাভাবিক না হয় তাহলে এমন ঘটনা বারবার ঘটছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, যে সব জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটেছে সে সব জায়গা আগে থেকে শুকনো এবং গরম ছিল। বৃষ্টির জল তপ্ত জমিতে পড়ার ফলে হঠাৎ করেই আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে। ফলত এই পরপর বজ্রপাতের ঘটনা।
আবহাওয়া দফতর বলছে, সাধারণত এমন বজ্রপাতের ঘটনা বর্ষাকাল শুরুর আগে বা বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার সময়ে হয়। পুরোদমে যখন বর্ষাকাল চলছে তখন এই মুহুর্মুহু বজ্রপাতের ঘটনা সত্যিই খুব একটা দেখা যায় না।
এই মুহূর্তে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত।