
শেষ আপডেট: 16 December 2023 09:57
দ্য ওয়াল ব্যুরো: অসমে নিষিদ্ধ হচ্ছে বহু বিবাহ। রাজ্য বিধানসভার পরের অধিবেশেনেই এই ব্যাপারে বিল পেশ করতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই আইনে লাভ-জিহাদ আটকানোর বিধান থাকবে।
অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত প্রথম থেকেই রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি রোধ এবং একাধিক বিয়ে আটকাতে তৎপর। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে খোলাখুলি বলেছেন, এই ব্যাপারে সম্প্রদায়গতভাবেও উদ্যোগ নিতে হবে।
পাশাপাশি লাভ-জিহাদের বিরুদ্ধেও সরব তিনি। হিন্দুত্ববাদী শিবির উত্থাপিত এই বিষয়টি নিয়ে বিজেপি শাসিত সরকারগুলি অত্যন্ত তৎপর। গেরুয়া শিবিরের অভিযোগ, মুসলিম তরুণেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ধর্মান্তরীত করছে। যা গেরুয়া শিবিরের ভাষায় লাভ জিহাদ। এই অভিযোগকে পুঁজি করেই তৈরি হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি।
হিমন্ত বিশ্ব শর্মা জানান, বহু বিবাহ এবং লাভ জিহাদ আটকাতে জনমত চেয়ে এ বছর অগাস্টে বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার। ১৪৯ জন সুনির্দিষ্ট প্রস্তাব-সহ অভিমত জানিয়েছেন। তাদের মধ্যে ১৪৬জন একাধিক বিয়ে এবং লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, এই প্রক্রিয়ার বাইরে সরকার একাধিক সংগঠন এবং সম্প্রদায়ের সঙ্গেও কথা বলেছে। ফেব্রুয়ারিতে বসবে রাজ্য বিধানসভার পরের অধিবেশন। সেখানেই পেশ হবে নয়া আইনের বিল।