
শেষ আপডেট: 5 January 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: ফের গুলির শব্দে কেঁপে উঠল কাশ্মীর। শুক্রবার দিনভর ভূস্বর্গে চলে ভয়ঙ্কর গুলির লড়াই। এনকাউন্টারে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় লস্কর-ই-তইবার জঙ্গির মৃত্যু হয়েছে। শুক্রবার নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ওই জঙ্গির।
এদিন ভোর থেকে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারই শোপিয়ান জেলার কুলগামে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এরপর সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে শোপিয়ান পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী।
গোয়েন্দা সূত্রে শোপিয়ান জেলার ছোটিগাম গ্রামে এক জঙ্গির উপস্থিতির খবর পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই মতো শুক্রবার সকালে ওই অঞ্চলে শুরু হয় চিরুনি তল্লাশি। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা সন্দেহজনক স্থানে পৌঁছতেই জওয়ানদের উপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে ওই জঙ্গি। নিরাপত্তারক্ষীদের তরফেও আসে পাল্টা আক্রমণ। দুপক্ষের ভয়ংকর গুলির লড়াইয়ের পর এনকাউন্টারে খতম হয় ওই জঙ্গি। ঘটনাস্থল থেকে ওই জঙ্গির দেহ উদ্ধার করে সেনাবাহিনী।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত ওই জঙ্গির নাম বিলাল আহমেদ ভাট। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য ওই জঙ্গির বিরুদ্ধে বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। একইসঙ্গে তিনি স্থানীয় সেনা আধিকারিক উমের ফায়াজ ও দুই পরিযায়ী শ্রমিককে খুন, শোপিয়ানের ছোটিগাম গ্রামে কাশ্মীরি পণ্ডিত সুনিল কুমার ভাটের হত্যার ঘটনায় অভিযুক্ত। ওই জঙ্গির দেহের পাশে ওই জায়গা থেকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ, একে সিরিজের রাইফেল ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় দুই জঙ্গির সঙ্গে যৌথ বাহিনীর গুলির যুদ্ধ শুরু হয়েছে। এক্স প্ল্যাটফর্মে কাশ্মীর জোন পুলিশ লিখেছে, “শোপিয়ান জেলার চোটিগাম এলাকায় একটি এনকাউন্টার শুরু হয়েছে। শোপিয়ান পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ একসঙ্গে কাজ করছে। পরে এই বিষয়ে আরও বিশদ বিবরণ জানানো হবে।” এরপর দুপুরে জঙ্গি মৃত্যুর খবর পাওয়া যায়।