
লস্কর-ই-তৈবা জঙ্গি সলমন রহমন খান
শেষ আপডেট: 28 November 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: লস্কর-ই-তৈবা জঙ্গি সলমন রহমন খানকে ভারতে ফেরাল সিবিআই ও এনআইএ। জানা গিয়েছে, নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে তাকে আফ্রিকার রন্ডা থেকে ভারতে আনা হয়েছে। বেঙ্গালুরুতে অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিল সে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাকে বেশ কিছুদিন ধরে ভারতে ফেরানোর চেষ্টা করছিল তারা। এনআইএ-র সঙ্গে একযোগে এ কাজ করছিল। চূড়ান্ত গোপনীয়তা এক্ষেত্রে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাজে সাহায্য করে ইন্টারপোলও।
পাকিস্তানের লস্কর-ই-তৈবার মদতে বেঙ্গালুরুতে নাশকতার কাজে যুক্ত ছিল সে। বেঙ্গালুরুতে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর তার নাম উঠে আসে। পারাপ্পানা অগ্রহর সেন্ট্রাল প্রিসন অর্থাৎ জেল থেকে সাতটি পিস্তল, চারটি হ্যান্ড গ্রেনেড, একটি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ট গুলি উদ্ধার হয়েছিল। চারটি ওয়াকিটকিও উদ্ধার হয় সেসময়।
তারপরই অস্ত্র সরবরাহ-সহ একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩ সালে এনআইএ-র অপরাধী তালিকায় যুক্ত হয় তার নাম। অস্ত্র আইনে মামলা রুজু হয়। খোঁজে তল্লাশি চলছিলই।
অগস্টে ইন্টারপোল হস্তক্ষেপ করায় সলমন রহমন খানকে ভারতে ফেরানো অনেকটা সহজ হয়।