
শেষ আপডেট: 15 December 2023 17:35
দ্য ওয়াল ব্যুরো: রং ভরা ক্যানিস্টার ছাড়াও অন্য পরিকলল্পনা ছিল ধৃতদের। লোকসভায় নিরাপত্তা বিভ্রাট কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড ললিত ঝায়ের পুলিশি জেরায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্ল্যান-এ সফল না হলে বিকল্প পরিকল্পনাও তৈরি ছিল নীলম-সাগরদের।
বৃহস্পতিবার রাতেই ললিত ঝা দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন। নিজের ও বাকি অভিযুক্তদের মোবাইল ফোনগুলি তিনি নষ্ট করে ফেলেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের অভিযোগ, তথ্যপ্রমাণ লোপাট করার যাবতীয় চেষ্টা চালিয়েছেন লোকসভা কাণ্ডের মাস্টারমাইন্ড ললিত।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল ইতিমধ্যেই এই মাস্টারমাইন্ড ললিত ঝাকে ম্যারাথন জেরা শুরু করেছে । পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, যদি ভিজিটার্স গ্যালারি থেকে স্মোক কালার ক্যান স্প্রে করার সুযোগ না পেতেন তবে তৈরি ছিল প্ল্যান-বি। ঠিক কী সেই প্ল্যান বি? ললিতের কথায়, 'যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নীলম এবং আমল সংসদের সামনে পৌঁছতে না পারতেন তবে মহেশ এবং কৈলাসকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। অন্যদিক থেকে লোকসভায় পৌঁছে ওঁরা কালার বম্ব ফাটাত।'
পুলিশ এও জানতে পেরেছে, গোটা কাণ্ডের পর ললিত বাকিদের পালিয়ে যেতে সাহায্য করার একটি পরিকল্পনা করেছিলেন। ধৃতদের সকলেরই রাজস্থানে পালিয়ে যাওয়ার কথা ছিল। পুলিশের চোখ এড়িয়ে নীলম, সাগর, মনোরঞ্জন এবং আমলকে পালাতে সাহায্য করতেন মহেশ। এই মহেশকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার রাতে কর্তব্যপথ পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন মাস্টারমাইন্ড ললিত ঝা।
এদিকে, কর্তব্যপথ পুলিশ স্টেশনের ডিউটি অফিসারের দায়ের করা একটি এফআইআরে উল্লেখ করা হয়েছে, জুতোর মধ্যে স্মোক স্প্রে ক্যান লুকিয়ে রাখার জন্য সাগর শর্মার স্পোর্টস জুতোটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। অন্যদিকে, শুক্রবার ললিত ঝাকে আদালতে পেশ করলে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।