
লালকৃষ্ণ আদবাণী
শেষ আপডেট: 27 June 2024 07:54
দ্য ওয়াল ব্যুরো: লালকৃষ্ণ আদবাণী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গেছে, বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় ৯৬ বছর বয়সি আদবাণীকে এইমসে ভর্তি করা হয়। এমনিতে বয়সজনিত কারণে অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এইমসের জেরিয়াট্রিক বিভাগে ভর্তি রয়েছেন তিনি। ঠিক কী হয়েছে, তা নিয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি হাসপাতাল থেকে।
তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই নেতার বাড়িতে উপস্থিত ছিলেন সেদিন।
ভারতীয় রাজনীতিতে লালকৃষ্ণ আদবাণীর অবদান বহু। ভারতীয় জনতা পার্টির উত্থানে তিনি অন্যতম পুরোধা। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবাণী। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন তিনি। আজ অযোধ্যার যে রামমন্দির নিয়ে এত চর্চা, সেই রাম জন্মভূমি আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন আদবাণী।