
স্বামী কুরকুরে কিনে না দেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী
শেষ আপডেট: 14 May 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: নিজের পছন্দের খাবার নিয়ে অনেকেই বেশ খুঁতখুঁতে হন। বিশ্ব জুড়ে হরেক রকম খাবারের মধ্যে একেক জনের পছন্দও একেক রকম। সময় মতো বাহারি খাবার না পেলে বেশ বিরক্তও বোধ করেন। তবে নাকি ওই পছন্দের খাবারের জন্যেই এক দম্পতির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে! তাও আবার চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল কিংবা অন্য কোনও নামী-দামি সুস্বাদু খাবার নয়, ডিভোর্স চাওয়ার নেপথ্যে যে রয়েছে 'সামান্য' কুরকুরে। হ্যাঁ, স্বামী পছন্দের কুরকুরে কিনে না দেওয়ায় বেজায় চটে যান স্ত্রী। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক ঘটনা সামনে এসেছে।
চমকপ্রদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। সেখানেই এক তরুণী বিয়ের পর থেকে স্বামীর কাছে রোজই কুরকুরের আবদার করতেন। প্রথম দিকে নববধূকে রোজ একটা করে কুরকুরের প্যাকেট এনেও দিতেন। কিন্তু কয়েক মাস যেতেই স্ত্রীর আবদার মেটাতে মোটেই পছন্দ করতেন না স্বামী। আর এতেই গোঁসা করে বাড়ি ছেড়ে চলে যান তরুণী। কয়েকদিন বাদেই ডিভোর্স চেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
শাহগঞ্জ থানা এলাকার ওই তরুণীর বিয়ে হয় সদর থানা এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে। ২০২৩ সালে হিন্দু রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর বেশ সুখেই সংসার করছিলেন তাঁরা। কিন্তু স্ত্রীর অতিরিক্ত কুরকুরে খাওয়ার অভ্যাসই দু'জনের মধ্যে বিবাদ তৈরি করে বলে অভিযোগ স্বামীর।
এদিকে ৫ টাকার কুরকুরের জন্য স্ত্রী যে বিবাহবিচ্ছেদের পথে যেতে পারেন এমনটা ভাবতেও পারেননি যুবক। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে বাপের বাড়িতেই রয়েছেন স্ত্রী। যুবকের অভিযোগ, "আমার স্ত্রী প্রতিদিন কুরকুরে খেতে চায়। প্রতিদিন কুরকুরে আনতে আনতে আমি ক্লান্ত। "
পুলিশ স্ত্রীর অভিযোগটি পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠিয়েছে। স্বামী-স্ত্রী মনোরোগ চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এখনও রফাসূত্র বেরোয়নি। চিকিৎসক তাঁদের নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।