
কুণাল কামরা
শেষ আপডেট: 8 April 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: কুণাল কামরাকে (Kunal Kamra) রক্ষাকবচ দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। শিবসেনার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কমেডিয়ানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছিল মুম্বই পুলিশ। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল। হাইকোর্টের নির্দেশ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত।
তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা কুণালকে সম্প্রতি অন্তর্বর্তী জামিন দেয় মাদ্রাজ হাইকোর্ট। সেই জামিনের সময়সীমা সোমবারই শেষ হওয়ার কথা। যদিও আইনি খবর পরিবেশনকারী সংস্থার প্রতিবেদন অনুসারে, কুণালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করে ১৭ এপ্রিল করে মাদ্রাজ হাইকোর্ট।
কুণাল তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি এফআইআর দায়ের করে তাঁর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলেও জানান।
সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shindey) কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন কুণাল কামরা। অভিযোগ, কমেডি অনুষ্ঠানের আসরে নাম না করে শিন্ডেকে 'গদ্দার' বলেন তিনি।
একটি জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে শিন্ডের অঙ্গভঙ্গি নকল করে দেখান কুণাল। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি সরকারকে 'তানাশাহি' (একনায়কতন্ত্র) বলেও ব্যাঙ্গ করেন। এর পরেই কমেডিয়ানের বিরুদ্ধে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ।
ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করায় কুণালের বিরুদ্ধে থানায় একের পর এক অভিযোগ দায়ের হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও দাবি করেন, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও এখনও পর্যন্ত ক্ষমা না চাওয়ার ব্যাপারে নিজের অবস্থানে অনড় কুণাল।