
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা
শেষ আপডেট: 30 October 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। ভারতে এলেন, সময়ও কাটালেন। চারদিন থাকলেন বেঙ্গালুরুতে। কিন্তু সবটাই হল চুপিসারে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বেঙ্গালুরুতে ৪ দিন ছিলেন চার্লস এবং ক্যামিলা। তাঁদের এই ব্যক্তিগত সফর সম্পর্কে ঘুণাক্ষরেও টের পায়নি কোনও সংবাদ মাধ্যম। যখন টের পাওয়া গেল, তার অনেক আগেই তাঁরা ভারত ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছেন।
এক রিপোর্ট অনুযায়ী, শনিবার রাতে ব্রিটিশ রাজা তাঁর ব্যক্তিগত বিমানে বেঙ্গারুর হ্যাল বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সোজা চলে যান বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। সেখানেই ৪ দিন ছিলেন চার্লস এবং ক্যামিলা।
বিমানবন্দরে অবতরণের পর, গাড়ি করে যাবতীয় প্রোটোকল মেনে চার্লস এবং ক্যামিলাকে নিয়ে যাওয়া হয়েছিল সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। অবাক ব্যাপার হল, এতকিছুর পরেও জানাজানি হয়নি কোনও তথ্যই। কারণ সেই সময় ট্রাফিক এমন ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল যে, সাধারণ মানুষ যাতে ঘুণাক্ষরেও টের না পায় কোনও ভিভিআইপি যাচ্ছেন।
যে স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা ৪ দিন কাটিয়েছেন, সেটট প্রতিষ্ঠা করেছিলেন ডঃ আইজ্যাক মাথাই নুরানাল। কে তিনি? ডঃ মাথাই হলেন ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম চিকিৎসক। সূত্রের খবর, চলতি বছরই চার্লসের ক্যানসার ধরা পড়েছিল। এরপর এই প্রথম বিদেশ সফরে যান চার্লস।
স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কোনও চিকিৎসার জন্য এসেছিলেন কি না, তা জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে ছিলেন চার্লস এবং ক্যামিলা। তাই তাঁদের এই সফর ঘিরে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল।
টানা চারদিন ভারতে সময় কাটানোর পর, বুধবার খুব ভোরে বেঙ্গালুরু থেকে তাঁদের বিমান ফের টেকঅফ করে ব্রিটেনের উদ্দেশে। এর আগে চলতি বছরের ১৮ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যান।