
মমতা বন্দ্যোপাধ্যায় ও কিম কার্দাশিয়ান
শেষ আপডেট: 14 July 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: কিম কার্দাশিয়ান। নামটা বললেই যেন সৌন্দর্য ও যৌনতার মেলবন্ধন বিদ্যুতের মতো চমকে ওঠে আপামর বিশ্ববাসীর মনে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর নামের সঙ্গেই ভেসে ওঠে সাদামাঠা এক চেহারা, সাদা শাড়ি পরা, পায়ে চপ্পল। এমন দুই বিপরীতমুখী ব্যক্তিত্ব ধরা পড়লেন এক ফ্রেমে! মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া সে ছবি দেখে হেসেই গড়াচ্ছেন কেউ, কেউ বা চোখ কপালে তুলে বলছেন, 'মা গো! আর কত দেখব!'
আমেরিকান সুপারস্টার কিম এসেছিলেন আম্বানির ছেলের বিয়েতে। সঙ্গে এসেছিলেন তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ানও। বিয়ের আগেই তাঁরা মুম্বইয়ের অটোয় চড়ে ঘুরে বেরিয়ে ভাইরাল হয়েছিলেন। বিয়েতে কিম কেমন সাজবেন, তাই নিয়েও জল্পনা ঘনিয়েছিল। তাই বলে কিমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে মুম্বই পৌঁছেছিলেন কিম। অনন্তর বিয়েতে লাল শাড়ি পরে সকলকে চমকে দেন তিনি। সঙ্গে যে ব্লাউজটি পরেছিলেন, তাতে অবশ্য যথেষ্টই উন্মুক্ত ছিল শরীরি প্রভা, ঠিক তাঁর ব্যক্তিত্ব ও বিশেষত্বর সঙ্গে তাল মিলিয়েই। তবে যে ছবি দেখে হাঁ হল নেটপাড়া, তাতে কিম একা নেই, সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়িতে, চেনা সাজেই।
তাঁরা অবশ্য পাশাপাশি বা মুখোমুখি হননি। তাঁরা এগিয়ে যাচ্ছিলেন একই দিকে। সামনে দিদি, পিছনে কিম। দিদির মুখ নিচু, কিম তাকিয়ে সামনে। তাঁরা কি পরস্পরকে দেখে সৌজন্যের হাসি বিনিময় করেছেন, কোনও কথা হয়েছে তাঁদের? তা অবশ্য জানা যায়নি। তবে সেসব পরের কথা। এমন উল্টো মেরুর দুই ব্যক্তিত্ব এক জায়গায় এসে পড়েছেন, সেটাই আপাতত গসিপের হট টপিক!
kim and mamta didi in same frame?? 2024 is wilding ???? pic.twitter.com/OsUhJ4JB8p
— ???? (@alfiyastic) July 13, 2024
জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুম্বই গিয়েছিলেন ১১ জুলাই। রাজনৈতিক মিটিং সারার পরেই তিনি যোগ দেন জিও কনভেনশন সেন্টারে আয়োজিত অনন্ত আম্বানির বিয়েতে। অন্যদিকে কার্দাশিয়ান বোনেরাও ভারতে এসেছেন কোনও একটি গানের রেকর্ডিংয়ের ব্যাপারে। সেই সঙ্গেই তাঁরা রক্ষা করলেন আম্বানি-পুত্রর বিয়ের নিমন্ত্রণ।