
খাজা আসিফ (ছবি-গুগল)
শেষ আপডেট: 29 April 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: মিথ্যে গুজব ছড়ানোর অভিযোগে কয়েকদিন আগেই পাকিস্তানের একাধিক ইউটিউব চ্যানেল ব্যান করেছিল ভারত (Khwaja Asif X account Block in India)। এবার ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের অ্যাকাউন্ট ব্লক করা হল।
পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়েছে। জল গড়িয়েছে অনেকদূর। এবার মিথ্যে গুজব ছড়ানোর অভিযোগ উঠল পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের (khwaja Asif) বিরুদ্ধে। ভারতে ব্লক করা হল তাঁর এক্স হ্যান্ডেল। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'ভারতে সামরিক অনুপ্রবেশ আসন্ন'। এরপরই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে খবর।
সোমবারই পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল ব্যান করেছে ভারত। এই তালিকায় রয়েছে, সামা টিভি, এআরওয়াই নিউজ (ARY News), বোল নিউজ, রাফতার, জিও নিউজ, সুনো নিউজ। এছাড়া সাংবাদিক ইরশাদ ভাট্টি, আজমা শিরাজি, উমার চিমা এবং মুনিব ফারুকির ইউটিউব চ্যানেল সহ আরও কয়েকটি চ্যানেল নিষিদ্ধ করেছে সরকার।
কেন্দ্রের অভিযোগ, পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিতে ভারত, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছিল। সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন, "পহেলগামের ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেবো।"
মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে নিহত হন ২৬ জন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। স্থগিত রাখা হয় সিন্ধু জলচুক্তি। পাকিস্তানের তরফে এর প্রতিক্রিয়াও এসেছে। সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারতের সিদ্ধান্তের পর মুখ খোলে পাকিস্তান। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দেন, 'সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।' পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
পহেলগামের জঙ্গি হামলার ঘটনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত। সম্প্রতি এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানিয়েছিলেন, 'বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করেছে পাকিস্তান।'। পাক প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি তুলেই ইউনাইটেড নেশনের মঞ্চে ভারতের উপস্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেলের কটাক্ষ, 'পাকিস্তানের এই স্বীকারোক্তিতে অবাক হওয়ার কিছু নেই।' তাঁর দাবি, 'পাকিস্তান সন্ত্রাসবাদে উস্কানি দেয়। এবারে পাকিস্তানের মুখোশ খুলে গিয়েছে।' এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ এনে পাকিস্তানকে আরও একবার কাঠগড়ায় তুলেছেন তিনি।