
শেষ আপডেট: 16 February 2024 22:38
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে শুক্রবার দাবি করেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি অনুযোগ করেছেন যে, বিজেপি ভয় দেখিয়ে বিরোধী দলগুলিতে ভাঙন ধরাচ্ছে। বিরোধী নেতাদের দলে টানছে। কংগ্রেস সভাপতির কথায়, ‘প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করি, অন্যদল থেকে বিজেপি আর কতজন প্রাক্তন মন্ত্রী, মুখ্যমন্ত্রীদের দলে টানবে?’
শুক্রবার পুণেতে কংগ্রেসের এক অনুষ্ঠানে দলীয় সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই কথোপকথনের কথা জানান। খাড়্গে বলেন, ‘সংসদে সম্প্রতি এক চায়ের আসরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তখনই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, বিজেপির এত ক্ষুধা!’
খাড়্গে জানান, প্রধানমন্ত্রী তাঁর কথা মানতে চাননি। কংগ্রেস সভাপতির কথায়, ‘নরেন্দ্র মোদী জবাবে বলেন, আমি কী করে বিজেপিতে আসা আটকাবো? আমার সরকারের কাজ দেখে ভালবেসে বিরোধী নেতারা বিজেপিতে আসছেন।’
শুক্রবার পুণেতে শুরু হয়েছে মহারাষ্ট্র কংগ্রেসের দু’দিনের প্রশিক্ষণ শিবির। লোকসভা নির্বাচনের প্রচার, সাংগঠনিক কাজ ইত্যাদি নিয়ে নেতা-কর্মীদের দু’দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই কর্মসূচির উদ্বোধন করতে কংগ্রেস সভাপতি পুণেতে যান।
সেখানে কংগ্রেস সভাপতির প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা প্রকাশ্যে আনার কারণ অশোক চহ্বাণ। মহারাষ্ট্রের এই প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী চলতি সপ্তাহের গোড়ায় বিজেপিতে যোগ দিয়েছেন। তারপরই পদ্ম শিবির তাঁকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় প্রার্থী করেছে। চহ্বাণ একা নয়, একাধিক রাজ্যে কংগ্রেসের প্রথমসারির বেশ কয়েকজন হালে বিজেপিতে যোগ দিয়েছেন।
চহ্বাণ প্রসঙ্গ উহ্য রেখে খাড়্গে শুক্রবার দলত্যাগীদের বিরুদ্ধে সরব হন। বলেন, ‘দল, দলের কর্মী, সমর্থকেরা নেতা তৈরি করেন। সেই নেতা যখন দল ছেড়ে যান তখন সেটাকে কাপুরুষোচিত কাজ ছাড়া আর কী বলা যেতে পারে!’