
কেরলে বাড়ছে ব্রেন-খেকো অ্যামিবার সংক্রমণ
শেষ আপডেট: 6 July 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: পুকুর বা নদীতে নেমে স্নান, তারপরই হচ্ছে মৃত্যু! কেরলে দিন দিন বাড়ছে ব্রেন-খেকো অ্যামিবার সংক্রমণ। গত ৪ জুলাই ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছিল এই কারণে। এখন আরও এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কী কারণে এই বিরল সংক্রমণ বাড়ছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।
গত মে মাস থেকে এখনও পর্যন্ত ৪জন এমন রোগে আক্রান্ত হয়েছে কেরলে। তাদের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে। বেশিরভাগ রোগীর বয়সই ছিল ১৮ বছরের কম। বর্তমানে আরও এক ১৪ বছরের কিশোর সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কিন্তু কেন আচমকা এই বিরল রোগের প্রকোপ বাড়ছে রাজ্যে তা বুঝে উঠতে পারছে না অনেকেই। তবে চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছে দূষিত জল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে।
সাধারণত দূষিত জলে থাকে এই অ্যামিবা। দেশের একাধিক নদী, পুকুরের জলে এই ধরনের অ্যামিবার খোঁজ মিলেছে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, কোনও জায়গায় স্নান করতে নামার আগে সতর্ক হতে। স্নানের সময়ই অজান্তে অ্যামিবা মানবশরীরে ঢুকে যায় নাক, কানের ফুটো দিয়ে। তারপর তা সোজা মস্তিষ্কে গিয়ে ব্রেনের অংশ খেতে শুরু করে।
গত শুক্রবার এই বিষয় নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি নির্দেশ দিয়েছেন, যে সমস্ত জায়গার পুকুর বা নদীর জল পরিষ্কার নয় সেখানে স্নান করা বন্ধ করতে হবে। পর্যটকরা তো বটেই, স্থানীয় কোনও বাসিন্দাও যাতে সেখানে নামতে না পারেন তার ব্যবস্থা করতে হবে। এরপর সেই পুকুর বা জলাশয়ে দ্রুত পরিষ্কার করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে তিনি বিভিন্ন সুইমিং পুলের জলের দিকেও পর্যাপ্ত নজর দিতে বলেছেন। কারণ সেখানেই বেশিরভাগ বাচ্চারা নামে।
অ্যামিবা হল এককোষী প্রাণী। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে। অ্যামিবা হল থার্মোফিলিক। উষ্ণ প্রস্রবণ বা গরম জলে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। ১১৩ ডিগ্রি ফারেনহাইট (৪৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ভাল থাকে এই অ্যামিবারা। সে জন্য হট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলিতে এদের দেখা মেলে অনেক বেশি।