
শেষ আপডেট: 24 June 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে 'ঈশ্বরের আপন দেশ' বলেই এই রাজ্যকে ডাকেন অনেকে। এই রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও বটে। কেরল। সেই কেরল রাজ্যের নামই এবার বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে 'কেরলম'। আজ, সোমবার কেরল বিধানসভায় পাশ হয়ে গেল এই প্রস্তাব।
প্রস্তাব অবশ্য নতুন নয়, প্রায় এক বছর আগে থেকেই এই নিয়ে চর্চা চলছে। রাজ্যের নাম বদলের এই প্রস্তাব কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশও হয়ে গিয়েছিল আগেই। তার পরে সংবিধান বদল করে কেরলের নাম বদলের আর্জি জানানো হয় কেন্দ্রীয় সরকারকে। সোমবার ফের এই প্রস্তাব পাশ হয়ে গেল।
তবে প্রথমবারের পরে নতুন করে পাশ হওয়া এই প্রস্তাবে সামান্য সংশোধন করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশক্রমে। এর পর থেকে অফিসিয়ালি কেরলম নামেই পরিচিত হবে দক্ষিণের এই রাজ্য।
কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন গত বছরের অগস্ট মাসেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন কেরল নামটা বদলে দিয়ে কেরলম করার জন্য। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল মেনে সমস্ত ভাষায় এই কেরলম নামটি রাখা হচ্ছে বলেও জানান তিনি।
পিনারাই আরও জানিয়েছেন, মালায়লম ভাষায় এই রাজ্যের আসল নাম কেরলম। কিন্তু অন্যান্য ভাষায় এই রাজ্যের নাম কেরল হয়ে গেছে। সংবিধানের প্রথম তফসিলেও এই রাজ্যের নাম লেখা হয় কেরল। কিন্তু এবার মালয়লম জাতির স্বার্থে এ রাজ্যের নাম বদলানো উচিত বলে জানান তিনি। সে প্রস্তাব বিধানসভায় পাশ হয়ে যায় তখনই।
এবার পড়ল কেন্দ্রের সিলমোহর।