দ্য ওয়াল ব্যুরো: দমকল বাহিনীর সহায়তায় এক ব্যক্তির পুরুষাঙ্গ থেকে বার করা হল লোহার ওয়াশার! তিনদিন ধরে আটকে থাকা ওই ধাতব বস্তুটির জন্য প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল কেরলের কাসারগড়ের বাসিন্দা এক ব্যক্তির। এটির জন্য প্রস্রাব করাও দুষ্কর হয়ে ওঠে তাঁর পক্ষে। এদিকে এমনই একটি সমস্যা, যা চিকিৎসকদের যন্ত্রপাতি দিয়েও সমাধান করা মুশকিল। তাই হাসপাতালের অনুরোধে দমকল কর্মীরা এসে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে সফলভাবে ওয়াশারটি কেটে বার করেন।
জানা গেছে, ৪৬ বছর বয়সি ওই ব্যক্তি গোপনাঙ্গে তীব্র ব্যথা ও অস্বাভাবিক ফোলাভাব নিয়ে কেরালার কানহাঙ্গাড জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যান। তিনদিন ধরে আটকে থাকা লোহার ওয়াশারের কারণে তিনি প্রস্রাব করতে পারছিলেন না এবং ব্যথার চোটে প্রায় জীবন-মরণ পরিস্থিতি হয়ে উঠেছিল।
দমকল বাহিনীর কানহাঙ্গাড স্টেশনের অফিসার পি.ভি. পবিত্রন জানান, 'আমরা চিকিৎসকদের কাছ থেকে ২৫ মার্চ রাত ১০টার দিকে ফোন পাই। তাঁরা বলেছিলেন, অবস্থা গুরুতর এবং তাড়াতাড়ি সাহায্যের প্রয়োজন।'
এর পরে দমকলের পাঁচ সদস্যের একটি দল হাসপাতালে পৌঁছে কাজ শুরু করে। চিকিৎসকরা অ্যানাস্থেশিয়া করে রোগীকে অজ্ঞান করার পরে দমকল কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি 'রিং কাটার' ব্যবহার করে ওয়াশারটি কেটে সরান।
দমকল অফিসার বলেন, 'এটি খুবই কঠিন এবং জটিল একটি কাজ ছিল। প্রায় দু'ঘণ্টার প্রচেষ্টার পর আমরা এটি সফলভাবে বার করতে পারি।'
তবে এরপর যখন যখন দমকল অফিসাররা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, কীভাবে ওয়াশারটি ওখানে আটকে গেল, তিনি জানান, মদ্যপ অবস্থায় থাকাকালীন কেউ এটি তার শরীরে পরিয়ে দেয়। তবে এই দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় যেন প্রমাণ হয়, দমকল বাহিনী শুধু আগুন নেভানো বা বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে না, চিকিৎসা ক্ষেত্রে জটিল পরিস্থিতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে, যখন চিকিৎসকরা কোনও অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পড়েন, তখন দমকলের বিশেষজ্ঞ দল তাদের সহায়তা করে থাকে।