
শেষ আপডেট: 22 November 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: গৌতম আাদানির নামে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ান জারির জের অব্যাহত। শেয়ার বাজারে আদানি গ্রুপের শেয়ারের পতন অব্যাহত শুক্রবারেও।
এদিকে, মার্কিন আদালতের নির্দেশের কথা জানতে পেরে আদানি গ্রুপের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া। দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ঘোষণা করেছেন, কেনিয়ায় আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরিতে আদানি গ্রুপের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করা হল।
সে দেশে এখন জাতীয় সংসদের অধিবেশন চলছে।সেখানে সব দলের সাংসদেরা প্রেসিডেন্টের সিদ্ধান্ত সমর্থন করেন। আসলে আদানির সঙ্গে চুক্তি নিয়ে কেনিয়াবাসীর তুমুল আপত্তি ছিল। প্রেসিডেন্ট রুটো এই সুযোগে চুক্তি বাতিল করে দিলেন।
এদিকে, বাংলাদেশে আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে আগেই আপত্তি উঠেছে। সংস্থার কর্ণধারের নামে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর সেই দাবি জেরালো হয়েছে।
জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল কেনিয়ার প্রধান বিমানবন্দর। সেখানে উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণ, রানওয়ে দেখভাল এবং বিমানবন্দরটি আগামী ৩০ বছর ধরে পরিচালনার চুক্তি হয়েছিল আদানি গ্রুপের সঙ্গে। এই প্রকল্পে গৌতম আদানির সংস্থার ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা ছিল। এছাড়া কেনিয়ার আধুনিক বিদ্যুৎ সরবরাহ লাইন তৈরির বরাত পেয়েছিল আদানি গ্রুপ।
দুটি চুক্তি নিয়েই আপত্তি তুলেছিল বিরোধী দলগুলি। কেনিয়ার বিমানবন্দর কর্মীরা এ বছর সেপ্টেম্বরে চুক্তি বাতিলের দাবিতে ধর্মঘট করেন।