
ফাইল ছবি।
শেষ আপডেট: 23 June 2024 11:35
দ্য ওয়াল ব্যুরো: জেলে ভাল নেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। গ্রেফতারির পর থেকে তাঁর প্রায় ৮ কেজি ওজন কমেছে বলে দাবি আম আদমি পার্টি নেতৃত্বর।
আপের দাবি, প্রথমে ইডি হেফাজত ও পরে জেলে যাওয়ার পর কেজরিওয়ালের ওজন দ্রুত কমতে শুরু করেছে। গ্রেফতারির সময় কেজরিওয়ালের ওজন ছিল ৭০ কেজি। এখন সেটা কমে দাঁড়িয়েছে ৬২ কেজি। ঘটনায় উদ্বিগ্ন আপ নেতৃত্বর দাবি, কী কারণে ওজন কমছে সেটা চিকিৎসা করে দেখার প্রয়োজন রয়েছে।
আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত হয়ে তিহারে ঠাঁই হয়েছিল কেজরিওয়ালের। ভোটের প্রচারের জন্য কিছুদিন শর্তসাপেক্ষে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন আপ প্রধান। আদালতের শর্ত মেনে ভোট শেষ হতেই তিহারে ফিরেছেন কেজরিওয়াল।
প্রসঙ্গত, কেজরিওয়াল ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর আগে গ্রেফতারির পর ইডি হেফাজতে থাকাকালীন তাঁর ওজন কমেছিল ৪ কেজি। এমনকী সুগারের মাত্রা কমে ৪৬ এ নেমে গিয়েছিল। চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক।
ফের দ্রুত ওজন কমতে থাকায় জটিল কোনও রোগে দিল্লির মুখ্যমন্ত্রী আক্রান্ত হয়েছেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবলিম্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে কেজরিওয়ালের চিকিৎসার দাবি জানিয়েছেন আপ নেতৃত্ব।