
অরবিন্দ কেজরিওয়াল
শেষ আপডেট: 30 May 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার সপ্তম তথা অন্তিম দফার ভোটের দিনই শেষ হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের মেয়াদ। ২ জুন তাঁকে তিহাড় জেলে ফিরে যেতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার নতুন একটি আর্জিতে দিল্লির মুখ্যমন্ত্রী এবার রেগুলার বেল বা পাকাপাকি জামিনের আর্জি জানিয়েছেন।
এর আগে সপ্তাহের গোড়ায় কেজরিওয়াল দাবি শীর্ষ কোর্টে তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ সাতদিন বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি বুধবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের আবেদনে জানিয়েছিলেন, চিকিৎসার প্রয়োজনে তাঁর আরও সাতদিন জেলের বাইরে থাকা প্রয়োজন। সেই আর্জি খারিজ হওয়ায় এবার পূর্ণ সময়ের জামিন চেয়ে আবেদন করেছেন। আপ সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ছাড়াও রাজনৈতিক কারণেও কেজরিওয়াল ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন জেলের বাইরে থাকতে চাইছেন।
কেজরিওয়ালের বক্তব্য, তাঁর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করার পর শুনানি শুরু হোক। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলে তখন গ্রেফতার করা হোক। শুনানির আগে গ্রেফতার করে জেলে আটকে রেখে তাঁর অধিকার হরণ করা হচ্ছে। দিল্লির মদকাণ্ডে ধৃত কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যে শীর্ষ আদালতে পিটিশন জমা করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মামলায় আম আদমি পার্টিকেও যুক্ত করেছে ইডি। তাদের বক্তব্য, শুধু দিল্রির মুখ্যমন্ত্রী হিসাবেই নয়, পার্টির শীর্ষ নেতা হিসাবেও কেজরিওয়াল আবগারি মামলায় অভিযুক্ত।
কেজরিওয়ালের নতুন আবেদনের শুনানি কবে হবে সে ব্যাপারে শীর্ষ কোর্ট এখনও কিছু জানায়নি। সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলছে। অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন জমা করলেও তাদের আর্জি শোনার সম্ভাবনা কম বলেই মনে করছে আইনজ্ঞদের একাংশ। বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, সুপ্রিম কোর্টেরও কোনও রেগুলার বেঞ্চের এই ধরনের মামলা শোনার কথা। ফলে কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নয়া আর্জি নিয়ে আদালতের অবস্থান স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম।