
জম্মু কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে পুলিশের তল্লাশি।
শেষ আপডেট: 13 June 2024 22:32
দ্য য়াল ব্য়ুরো: গত রবিবার থেকে জম্মু কাশ্মীরে চার চারবার হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গিদের হামলার হাত থেকে রেহাই পাননি তীর্থযাত্রীরাও। রিয়াসি জেলায় জঙ্গি হামলায় গত রবিবার মৃত্যু হয়েছিল ৯জন তীর্থযাত্রীর। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও ৩৩ জন। ওই ঘটনায় এবার জঙ্গিযোগে ৫০ জনকে আটক করল পুলিশ।
খবরের সত্যতা স্বীকার করে কাশ্মীর পুলিশের এক পদস্থ আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রিয়াসির বাস হামলার ঘটনায় সন্দেহভাজন ৫০জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত অভিযুক্তদের হেফাজতে নেওয়া হবে।
রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার দিক থেকে জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাওয়ার পথে জঙ্গিদের হামলার মুখে পড়েছিল তীর্থ যাত্রীদের বাস। পরের দিন সেনা ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা। এরপরই জঙ্গিদের খোঁজে উপত্যকার সুন্দরবনি, নাওশেরা, ডোমানা, অখনুর-সহ বিভিন্ন এলাকায় আলপিন খোঁজার মতো করে জঙ্গি খোঁজে অভিযানে নামে বাহিনী।
তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায় পুলিশের তরফে সন্দেহভাজন চার জঙ্গির স্কেচও প্রকাশ করা হয়। জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারের কথাও ঘোষণা করে কাশ্মীর পুলিশ।
এরপরই সোর্স মারফৎ পুলিশের কাছে সন্দেহভাজন একাধিক জনের অবস্থান সামনে আসে। তারই ভিত্তিতে বৃৃহস্পতিবার দিনভর তল্লাশি অভিযান চালিয়ে ৫০জনকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর যাঁদের সন্দেহভাজন মনে হবে না, তাঁদের ছেড়ে দেওয়া হবে।