
লেখিকা অরুন্ধতী রায়।
শেষ আপডেট: 15 June 2024 07:40
দ্য ওয়াল ব্য়ুরো: প্রায় এক যুগ আগের পুরনো একটি অভিযোগের ভিত্তিতে বুকার পুরস্কার জয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ আইনে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করল দিল্লি পুলিশ।
দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা পুলিশকে এই মামলা করার অনুমতি দিয়েছেন। লেখিকার বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজের বিভিন্নস্তরে সমালোচনার ঝড় উঠেছে।
পুলিশ সূত্রের খবর, ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুন্ধতী। অভিযোগ, ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলেছিলেন লেখিকা।
সুশীল পণ্ডিত নামে এক সমাজকর্মী অরুন্ধতীর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ জানান। পুলিশের কাছে অভিযোগে সুশীল দাবি করেন, 'কাশ্মীর কখনই ভারতের অংশ ছিল না এবং ভারতীয় সেনা বাহিনী জোর করে কাশ্মীরের দখল নিয়েছে বলে ওই অনুষ্ঠান থেকে প্রচার করেছিলেন অরুন্ধতী।'
ওই সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে লেখিকার বিরুদ্ধে ওই বছরই ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু করে পুুলিশ। সাহিত্যিক অরুন্ধতীর পাশাপাশি ওই মামলায় অভিযুক্ত করা হয়েছিল কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ শওকত হুসেনকেও। এবার লেখিকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু হল।