
জেলাশাসককে বৌ খুঁজে দেওয়ার অনুরোধ যুবকের।
শেষ আপডেট: 27 June 2024 23:23
দ্য ওয়াল ব্যুরো: সে কবে কার কথা। 'দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বৌ এনে দে', গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানটিতে সুর দিয়েছিলেন অংশুমান রায়।
কয়েক দশকের ব্যবধানে বিখ্যাত এই গানই যেন ফিরে এল রিয়েল লাইফে। পাড়াতুতো কোনও দাদার কাছে নয়, একেবারে জেলাশাসকের কাছে বৌ খুঁজে দেওয়ার কাতর আর্জি নিয়ে পৌঁছলেন এক যুবক।
জনসংযোগ শিবিরে প্রত্যেকের অভাব অভিযোগ শুনছিলেন জেলাশাসক। সেখানেই মাঝবয়সি ওই যুবকের কাতর আর্জি, "১০ বছর ধরে পাত্রী খুঁজে চলেছি। কিন্তু কেউ বিয়ে করতে রাজি হচ্ছেন না। একা একা থাকতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। প্লিজ, আমার জন্য একটা বৌ খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন।"
কেউ কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। কেউ গ্রামে পানীয় জলের দাবি জানান। এসব শুনেই অভ্যস্ত সরকারি আমলা। তা বলে কি না তাঁকে ঘটকালি করতে বলা!
A poignant reminder of changing times & persisting problem in most districts of #Karnataka. Farmers are unable to find suitable bride! Sangappa in Kanakagiri of Koppal asked the DC @Nalini_Atul_ to help him find a bride! @TOIBengaluru #Matrimony #Youth pic.twitter.com/pjlwGrNN8c
— Niranjan Kaggere (@nkaggere) June 26, 2024
কর্নাটকের কোপ্পাল জেলার ঘটনা। জেলাশাসকের নাম নলিনী অতুল। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ঘুরছে ওই ভিডিও। তাতে সাঙ্গাপ্পা নামে এক যুবকের বৌ খুঁজে দেওয়ার আবদার শুনে প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন জেলাশাসক। পরে হেসেও ফেলেন। সঙ্গে থাকা অফিসারদের সঙ্গে কথা বলে যুবককে অবশ্য নিরাশ করেননি জেলাশাসক। তাঁর আবেদনটি গ্রহণ করেছেন।
এখন দেখার জেলাশাসকের দৌলতে সাঙ্গাপ্পার বৌ জোটে কিনা! তবে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন ১০ বছর ধরে বৌ খুঁজতে খুঁজতে 'ক্লান্ত' যুবক!