
শেষ আপডেট: 13 February 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: রাম কাল্পনিক চরিত্র, কবির লেখা মহাকাব্য মহাভারত আর রামায়ণ কল্পকাহিনি। ক্লাসে পড়ানোর সময়ে এমনটা বলেছিলেন এক শিক্ষিকা। আর সেই 'অপরাধে' চাকরি খোয়ালেন তিনি। ঘটনাটি কর্নাটকের এক স্কুলের।
ম্যাঙ্গালুরুর সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি শুধু রামায়ন-মহাভারতই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেন। যা নিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে স্থানীয় বিজেপি বিধায়ক বেদ্যস কামাথ সহ হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ জানান। তাঁদের মতে, প্রধানমন্ত্রী প্রসঙ্গে ২০০২ সালের গোধরা কাণ্ড এবং বিলকিস বানো গণধর্ষণ মামলার উল্লেখ করে শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের মনে ঘৃণা তৈরির চেষ্টা করেছেন।
জানা গিয়েছে, সম্প্রতি সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানোর সময়ে ওই শিক্ষিকা মন্তব্য করেন, মহাভারত এবং রামায়ণ ‘কাল্পনিক কাহিনি’। ছাত্র-ছাত্রীদের তিনি রাম এক ‘পৌরাণিক চরিত্র’ বলেছিলেন বলে জানান অভিভাবকেরাও। এরপরই ওই শিক্ষিকাকে বরখাস্তের দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। বিক্ষোভের পরেই ওই শিক্ষকাকে বরখাস্ত করেন স্কুল কর্তৃপক্ষ।
বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তবে, এখনও পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি। বিতর্কের মুখে বিবৃতি দিয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনা 'অনভিপ্রেত'।