
কর্নাটকে তথ্যপ্রযুক্তি শিল্পে ১৪ ঘণ্টা কাজ
শেষ আপডেট: 21 July 2024 13:01
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের কংগ্রেস সরকার রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের মালিকদের প্রস্তাব মেনে কর্মচারীদের কাজের মেয়াদ ১৪ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে ১৯৬১ সালের কর্নাটক শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার।
প্রস্তাবিত ১৪ ঘণ্টা কাজের মধ্যে দু ঘণ্টা হল বাধ্যতামূলক ওভারটাইম। ১৯৬১ সালের আইনে কর্মচারীদের দিনে সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করার কথা বলা আছে।
রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্প ও পরিষেবা প্রতিষ্ঠানের কর্মচারীদের সংগঠন কংগ্রেস সরকারের এই প্রস্তাবিত পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, বোঝাই যাচ্ছে সরকার তথ্যপ্রযুক্তি ও পরিষেবা শিল্পে তিন শিফটের পরিবর্তে দুই শিফট চালু করার অনুমতি দিতে চলেছে। তাদের আরও আশঙ্কা, এই ধরনের পদক্ষেপ শুধু তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে সব ধরনের পরিষেবা ক্ষেত্রেই এই নিয়ম চালু করা হবে। এখনই অলিখিতভাবে হোটেল, রেঁস্তরা, শপিং মনে ১২-১৪ ঘণ্টা কাজ করতে হয়।
রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগের এই প্রস্তাব নিয়ে শ্রমমন্ত্রী অবশ্য কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করার আশ্বাস দিয়েছেন। ওয়াকিবহালমহলের মতে, রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পের মন্দা কাটাতে নতুন বিনিয়োগ আকর্ষণে সরকার কর্মচারীদের কাজের মেয়াদ বাড়াতে চাইছে। লক্ষ্য কম বেতন, কম লোকবল নিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া।
বছর কুড়ি-পঁচিশ আগে তথ্যপ্রযুক্তি শিল্পের অন্যতম গন্তব্য ছিল বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। পরবর্তীকালে কলকাতা, মুম্বই, জয়পুর, লখনউ, চেন্নাই, তিরুবনন্তপুরমেও এই শিল্পের বিকাশ হয়েছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে কর্নাটক সরকার শ্রম আইনকে পুরোপুরি অস্বীকার করতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।