.webp)
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
শেষ আপডেট: 17 July 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে সমস্ত বেসরকারি কোম্পানিতে গ্রুপ সি এবং ডি পোস্টে কন্নড়ভাষীদের সংরক্ষণ তোলপাড় তোলা এক্সবার্তা বুধবার মুছে ফেললেন রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি সংরক্ষণ বিল অনুমোদন হওয়ার পর মুখ্যমন্ত্রী লিখেছিলেন সমস্ত বেসরকারি সংস্থায় সি এবং ডি গ্রুপের চাকরিতে কেবলমাত্র কন্নড়ভাষীদেরই নিতে হবে। কিন্তু, ক্যাবিনেটের এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে তথ্যপ্রযুক্তি মহলে নিন্দার ঝড় ওঠে।
এদিন দেখা যায়, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ওই পোস্টটি ডিলিট অর্থাৎ মুছে দিয়েছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী এক্সবার্তায় লিখেছিলেন, ক্যাবিনেট বৈঠকে ঠিক হয়েছে, রাজ্যের সমস্ত বেসরকারি সংস্থায় গ্রুপ সি এবং ডি পদে কন্নড়ভাষীদের ১০০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। আমাদের সরকারের ঐকান্তিক ইচ্ছা হল, কর্নাটকের বুকে কন্নড়রা যাতে নিজেদের বঞ্চিত না মনে করেন। সচ্ছন্দ জীবনযাপনের জন্য নিজের মাতৃভূমিতে যাতে তাঁরা চাকরি পান সেই সুযোগ তুলে দিতে চায় সরকার। আমাদের সরকার কন্নড়পন্থী। আমাদের অগ্রাধিকার হচ্ছে কন্নড়দের কল্যাণ।
এরপর এদিন শিল্পমহল থেকে সরকারের এই নীতির কঠোর সমালোচনা করা হয়। রাজ্যের শ্রমমন্ত্রী সন্তোষ লাড বলেন, সরকার স্থানীয় দক্ষ যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার একটি আইন আনতে চায়। ম্যানেজমেন্ট স্তরে আমরা ৫০ শতাংশ এবং নন-ম্যানেজমেন্ট স্তরে ৭০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছে। যদি নির্দিষ্ট দক্ষতা খুঁজে না পাওয়া যায়, তখন ভিনরাজ্যের লোক নিয়োগ করা যেতে পারে। কিন্তু, সরকার স্থানীয় মেধাবী ও দক্ষ যুবকদের চাকরি সংরক্ষণে আইন নিয়ে আসছে।
রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী এমবি পাটিল বলেন, আমরা স্থানীয় কন্নড়দের চাকরি সুরক্ষা দিতে বদ্ধপরিকর তবে শিল্পমহলের স্বার্থও বজায় রাখা হবে। তিনি আরও বলেন, কর্নাটক প্রগতিশীল রাজ্য। আমরা সকলেরই স্বার্থ সুরক্ষিত রাখতে চাই। শিল্পমহলকে দুশ্চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন পাটিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্র রাজ্যের বৈদ্যুতিন দফতরের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে আরও একধাপ আশ্বাস দিয়ে বলেন, আমি নিশ্চিত বিল আইনে পরিণত হওয়ার আগে শ্রম দফতর নিশ্চই শিল্পমহল ও শিল্প এবং তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। বিনিয়োগে ভাটা পড়ে এমন কিছু করতে চাই না আমরা।
কর্নাটকের কংগ্রেস সরকারের এই 'ভোকাল ফর লোকাল' টনিকে দিশাহারা বাঙালি। শুধু বাঙালি কেন বিহারসহ গোবলয় থেকে আসা লক্ষ লক্ষ হিন্দিভাষীদের এবার তল্পি গোটানোর পালা এসে গিয়েছে। কারণ, সিদ্দারামাইয়া-শিবকুমার মন্ত্রিসভা বেসরকারি চাকরিতে কন্নড় সংরক্ষণ নিয়ে একটি বিল অনুমোদন করেছে। যাতে বলা হয়েছে, বেসরকারি ক্ষেত্রে গ্রুপ সি এবং ডি পোস্টে ১০০ শতাংশ কন্নড়ভাষীকে নিতে হবে। ম্যানেজমেন্ট পোস্টে ৫০ শতাংশ এবং নন-ম্যানেজমেন্ট পোস্টে ৭৫ শতাংশ স্থানীয়দের নিয়োগের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ক্যাবিনেট।
যদিও ক্যাবিনেটের এই একপেশে সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে ব্যাখ্যা করে বিল প্রত্যাহারের দাবি তুলেছে তথ্যপ্রযুক্তি মহল। দেশের বড় বড় শিল্পোদ্যোগ ও তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বুধবার। বায়োকনের কিরণ মজুমদার শ'র মতে, টেক হাব হিসেবে আমরা দক্ষ, মেধাবী লোক চাই। সেখানে স্থানীয়দের যদি সব চাকরি দিতে হয়, তাহলে কী হবে? যে চাকরিতে উচ্চ মেধা ও দক্ষতার প্রয়োজন হয়, সেগুলিকে ছাড় দেওয়া উচিত।
ইনফোসিসের প্রাক্তন সিএফও মোহনদাস পাই কিরণ মজুমদার শায়ের সুরে সুর মিলিয়ে বলেছেন, এই বিল প্রত্যাহার করা উচিত। এটা অত্যন্ত বৈষম্যমূলক, পশ্চাৎমুখী এবং সংবিধান বিরোধী বিল। জর্জ অরওয়েলের লেখা অ্যানিমাল ফার্ম উপন্যাসের মতোই এই বিলকে ফ্যাসিস্ত বলে ব্যাখ্যা করেন তিনি। ভাবাই যায় না, বেসরকারি ক্ষেত্রের নিয়োগ পরীক্ষা নেওয়া হবে মেধা-দক্ষতার বিচারে নয়, শুধুমাত্র ভাষার বিচারে। কর্নাটক অ্যাসোচেম-এর কো-চেয়ারম্যান আরকে মিশ্র বলেন, এই বিল অত্যন্ত অদূরদর্শী পদক্ষেপ।