
কঙ্গনা রানাউত ও রাহুল গান্ধী।
শেষ আপডেট: 29 August 2024 08:38
দ্য ওয়াল ব্যুরো: ফের রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বিজেপির সাংসদ কঙ্গনা রানাউত। বিরোধী দলনেতাকে এবার বিজেপির হিমাচল প্রদেশের মাণ্ডোর সাংসদ বলেছেন, রাহুল একজন জগাখিচুড়ি, গড়বড়ে লোক। সে সর্বদা ক্ষমতার কুর্সির দিকে ছোটে।
বিরোধী দলনেতাকে হঠাৎ কেন এমন ব্যক্তিগত আত্রমণ করেছেন বিজেপির নায়িকা সাংসদা তা স্পষ্ট নয়। তবে পাঞ্জাবের কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছিলেন রাহুল। যদিও কঙ্গনার কৃষক আন্দোলন সংক্রান্ত মন্তব্য অনুমোদন করেনি তাঁর দলও। বিজেপি সাফ জানিয়েছে দেন, ওই মন্তব্য সাংসদের ব্যক্তিগত।
পাঞ্জাবের আন্দোলনরত কৃষকদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্য নতুন নয়। সম্প্রতি তিনি মন্তব্য করেন, ওই আন্দোলন পাঞ্জাবকে বাংলাদেশ বানিয়ে দিত। কেন্দ্রীয় সরকার সময়মতো হস্তক্ষেপ করায় সেই পরিণতি হয়নি।
প্রসঙ্গত, কৃষক আন্দোলনে প্রায় সাতশো জন প্রাণ হারান। সেই সময় পাঞ্জাবে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার। কিন্তু ক্ষমতা দখল কৃষকদের লক্ষ্য ছিল না। তাছাড়া তারা কেন্দ্রের বিজেপি সরকারের আনা তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছিল মাত্র। সেই দাবি মেনে নিয়ে মাথানত করে দুঃখপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বক্তব্যের সমালোচনায় মুখর হয় কম-বেশি সব দলই। গলা মেলান রাহুল গান্ধীও। আশ্চর্যের হল, কঙ্গনা বিরোধী দলনেতাকেই নিশানা করেছেন। এর আগে মাদক ও রাহুলকে জড়িয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন এই নায়িকা।
এমনীতে এই বলিউড নায়িকার বেঁফাস মন্তব্য করার নজির রয়েছে। আগেও তিনি একাধিকবার আপত্তিকর মন্তব্য করে সর্বস্তরের নিন্দার শিকার হন। অনেকে মনে করছেন, তিনি বিজেপিতে স্মৃতি ইরানির জায়গাটি নিতে চাইছেন। স্মৃতি বিগত লোকসভা ভোটে হেরে গিয়েছেন। তাঁকে দল এখনও পুনর্বাসনের ব্যবস্থা করেনি। ফলে মাঠে-ময়দানের রাজনীতি থেকে আচমকাই হারিয়ে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সাংসদ ও মন্ত্রী থাকাকালে স্মৃতি প্রায়ই নানা মন্তব্যের জেরে বিতর্কে জড়াতেন।
কঙ্গনা স্মৃতির জায়গাটি নিতে চাইছেন বলে কারও কারও অভিমত। কারণ, বিজেপি একদিত যে গেরুয়াধারী নারী নেত্রীদের সাংসদ করেছে তাঁরাও এবার সংসদে নেই। বর্তমান নারী সাংসদেরা কেউই তেমন মুখরা নন। এই সুযোগটাই নিতে চাইছেন বলিউড নায়িকা, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।