1.webp)
কঙ্গনা রনৌত।
শেষ আপডেট: 30 September 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: বহু বিতর্কিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র 'ইমার্জেন্সি'র মুক্তির বাধা কাটতে চলেছে। বলি-অভিনেত্রী থেকে বিজেপির লোকসভা সদস্য হওয়া কঙ্গনা রনৌত নির্মিত-অভিনীত 'ইমার্জেন্সি' শীঘ্রই মুক্তি পাবে। সেন্সর বোর্ড যে যে দৃশ্য-সংলাপে কাঁচি চালানোর সুপারিশ করেছিল, সোমবার তার সব কটিই মেনে নিয়ে আদালতে জানিয়েছে নির্মাতা সংস্থা জি স্টুডিওজ। আগামী ৩ অক্টোবর বোম্বে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।
এদিন জি-র তরফে আদালতকে জানানো হয়, সেন্সর বোর্ডের পরামর্শক্রমে তারা নতুন করে ছবির ফরম্যাট পাঠিয়েছে এবং বোর্ডের সাড়ার জন্য অপেক্ষায় রয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, বোম্বে হাইকোর্টে জি-র আইনজীবী জানিয়ে দিয়েছেন যে, সেন্সর বোর্ডের পুনর্বিবেচনা কমিটি যে পরিবর্তনের সুপারিশ করেছিল তাতে তাঁরা রাজি আছেন। নতুন ফরম্যাটটি সম্পর্কে এখন বোর্ডের বক্তব্য জানতে হবে।
উল্লেখ্য, সেন্সর বোর্ড পুনর্বিবেচনার সময় প্রায় ১৩টি অংশ ছেঁটে ফেলতে বলেছিল। ইউএ সার্টিফিকেটের নিয়মবিধি অনুসারে এই জায়গাগুলি সম্পাদনার সুপারিশ করা হয়েছিল। এই তালিকায় ছিল কিছু হিংসাত্মক দৃশ্য, খলিস্তানি নেতা জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালেকে সন্ত বলে একটি সংলাপ। বেশ কিছু শিখ সংগঠন এই ছবির মুক্তির বিষয়ে আপত্তি তুলেছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন-কর্মের উপর নির্ভর করে লিখিত চিত্রনাট্যে ইমার্জেন্সি ছবিটি নির্মাণ করেন কঙ্গনা রনৌত। তাঁর কোম্পানির ব্যানারে এবং পরিচালনায় তৈরি হওয়া এই ছবির মুক্তি বারবার পিছিয়ে গিয়েছে। প্রথমে কংগ্রেস এবং এখন শিখ সংগঠনগুলি এই ছবির মুক্তিতে আপত্তি তুলেছে। বিশেষত শিখ সংগঠনগুলি খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালেসহ গোটা শিখ জাতিকে অপমানের অভিযোগ তোলে। এবং তা সেন্সর বোর্ডের কাছে ফেরত যায়।