
শেষ আপডেট: 19 February 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের দলবদল নিয়ে চলছে জল্পনা। কংগ্রেস থেকে বিজেপিতে সপুত্র যেতে চলেছেন বর্ষীয়ান রাজনীতিক, কয়েকদিন আগে এই খবর রটে যায়। সেই জল্পনার মধ্যেই নিজের বাড়ি থেকে জয় শ্রী রাম লেখা পতাকা সরিয়ে দিলেন কমলনাথ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দিল্লির রাজনৈতিক বলয়।
কমলনাথের দিল্লির বাসভবনের ছাদের উপর গেরুয়া শিবিরের পতাকা দেখা যায়। রবিবার পর্যন্ত সেই পতাকা সকলের নজরে এসেছিল। যা দেখে তাঁর বিজেপির দিকে পা বাড়ানো নিয়ে জল্পনা বাড়তে থাকে। কিন্তু সোমবারই সেই জল্পনায় জল ঢাললেন কমলনাথ। এদিন নিজেই জয় শ্রী রাম লেখা সেই পতাকা সরিয়ে ফেলেন তিনি।
শনিবার সন্ধেয় ছেলে ও সাংসদ নকুলনাথকে নিয়ে দিল্লি পৌঁছন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। সপুত্র তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমন সম্ভাবনা নিয়ে ওইদিন দিনভর সরগরম ছিল রাজ্য-রাজনীতি। বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে শনিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। তার মধ্যে ছেলে নকুলনাথকে নিয়ে কমলনাথ দিল্লি যাত্রা করায় অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছিলেন। তবে দিল্লি পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমলনাথ বলেন, “এই রকম কিছু ঘটলে আপনাদেরই সবার আগে জানাব।”
ইতিমধ্যেই অবশ্য কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, কমলনাথ দল ছাড়ছেন না। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি দাবি করেছিলেন, কমলনাথ কখনই কংগ্রেস ছেড়ে যাবেন না। যদিও তিনি বিজেপিতে যাচ্ছেন কি না তা নিয়ে এখনও পর্যন্ত কমলনাথ নিজে কিছু জানাননি। কংগ্রেস সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যসভার সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্ত্রীয় নেতৃত্ব তাতে রাজি হয়নি। এরপরই ছেলে নকুলনাথ সহ তাঁর কংগ্রেস ছাড়ার জল্পনা শুরু হয়ে যায়।